পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামী রোববার (১৭ মে) জিলহজ মাসের চাঁদ দেখার জন্য সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছে সৌদি আরব।
শুক্রবার (১৫ মে) দেশটির সুপ্রিম কোর্ট এই বিশেষ নির্দেশনা জারি করে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের (আইএসি) তথ্য অনুযায়ী, আগামী রোববার (১৭ মে) ইসলামি দেশগুলোতে জিলহজ মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। প্রকৌশলী মোহাম্মদ শওকত ওদেহ জানিয়েছেন, ওই দিন পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চল থেকে টেলিস্কোপের মাধ্যমে চাঁদের দেখা মিলতে পারে।
অন্যদিকে মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ অংশে খালি চোখেই চাঁদ দেখা যেতে পারে বলে আশা করা হচ্ছে।
জ্যোতির্বৈজ্ঞানিক গণনা অনুযায়ী, যদি ১৭ মে চাঁদ দেখা যায়, তবে আগামী সোমবার (১৮ মে) থেকে হিজরি ১৪৪৭ সনের পবিত্র জিলহজ মাস শুরু হবে। সেই হিসেবে আগামী ২৭ মে (বুধবার) সৌদি আরবসহ বিশ্বের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
সৌদি সুপ্রিম কোর্ট জানিয়েছে, রোববার সন্ধ্যায় কেউ চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে তা রিপোর্ট করতে এবং নিজের সাক্ষ্য নথিভুক্ত করার অনুরোধ করা হয়েছে। সাধারণত সৌদি আরবের চাঁদ দেখার ওপর ভিত্তি করেই মধ্যপ্রাচ্যের দেশগুলো এবং বিশ্বের অনেক মুসলিম দেশ ঈদের তারিখ নির্ধারণ করে থাকে।