হরমুজ প্রণালিতে ইরানের নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৮ মে ২০২৬, ০২:৩৮ পিএম

চলমান আলোচনা ও দরকষাকষিতে নিজেদের অবস্থান শক্তিশালী করতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’র ওপর ইরানের নিয়ন্ত্রণকে দুর্বল করার চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডনের যুদ্ধবিদ্যা বিভাগের অতিথি শিক্ষক সমীর পুরি আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেছেন।

সমীর পুরি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটি একটি সুষ্পষ্ট চেষ্টা, যার উদ্দেশ্য হলো হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের বিষয়ে ইরানের দাবি যে টেকসই বা কার্যকর নয়—তা প্রমাণ করা।

তিনি আরও যোগ করেন, যেকোনো ধরনের আন্তর্জাতিক আলোচনার মূল চালিকাশক্তি বা কারেন্সিই হলো দরকষাকষির শক্তি। এখন দেখার বিষয় হলো, কোন পক্ষ অপর পক্ষকে নিজেদের শর্ত মানতে বাধ্য করার মতো পর্যাপ্ত চাপ সৃষ্টি করতে পারে।

তবে এই যুদ্ধ বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক এই সরাসরি সংঘাত আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে পরিস্থিতিকে আরও বেশি অস্থিতিশীল করে তুলতে পারে।

তাঁর মতে, এই সংকটের সমাধান করতে গিয়ে নেওয়া পদক্ষেপগুলো হিতে বিপরীত হতে পারে। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে যুক্তরাষ্ট্র ও ইরান যদি এভাবে একের পর এক পাল্টা সামরিক হামলায় জড়িয়ে পড়ে, তবে সেই সংঘাতময় পরিস্থিতি নিজেই ওই পথ দিয়ে চলাচলকারী সাধারণ বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দেবে। সূত্র: আল জাজিরা

YA
আরও পড়ুন