জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের মর্যাদাপূর্ণ লড়াইয়ে হেরে গেছে জার্মানি। ইউরোপীয় দেশগুলোর জন্য নির্ধারিত দুটি ঘূর্ণায়মান আসনের বিপরীতে পর্তুগাল ও অস্ট্রিয়া বেশি ভোট পাওয়ায় জার্মানির এই পরাজয় ঘটে।
ভোটাভুটি শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল মন্তব্য করেছেন যে, ইউক্রেন এবং ইসরায়েলের প্রতি বার্লিনের প্রকাশ্য সমর্থন এই পরাজয়ের পেছনে ভূমিকা রেখে থাকতে পারে।
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, আমরা সবসময় কিছু নির্দিষ্ট বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছি, এবং আমাদের এই অবস্থানগুলো জাতিসংঘের সব সদস্য রাষ্ট্র একইভাবে সমর্থন করে না।"
তিনি আরও বলেন, "মধ্যপ্রাচ্য সংকটে জার্মানিকে সবসময়ই ইসরায়েলের পক্ষে একটি বিশেষ দায়িত্ব পালন করতে হয়, আর এই বিষয়টিই হয়তো আমাদের কিছু ভোট কমার কারণ হতে পারে।"
নিরাপত্তা পরিষদের এই নির্বাচনে জাতিসংঘের সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে জার্মানি পেয়েছে মাত্র ১০৪টি ভোট। বিপরীতে পর্তুগাল ১৩৪ ভোট এবং অস্ট্রিয়া ১৩১ ভোট পেয়ে জয় নিশ্চিত করেছে। উল্লেখ্য, জার্মানি এর আগে মোট ছয়বার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।
এদিকে অন্যান্য অঞ্চল থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই যথাক্রমে আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের প্রতিনিধিত্ব করতে নির্বাচিত হয়েছে জিম্বাবুয়ে এবং ত্রিনিদাদ ও টোবাগো। অন্যদিকে, এশিয়া অঞ্চলের আসনের জন্য অনুষ্ঠিত লড়াইয়ে ফিলিপাইনকে ১৪৩-৪৯ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছে কিরগিজস্তান।
নতুন নির্বাচিত এই সদস্য রাষ্ট্রগুলো ২০২৭ সালের শুরুতে দুই বছরের মেয়াদে জাতিসংঘের এই শক্তিশালী সংস্থায় যোগ দেবে। উল্লেখ্য, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মোট আসন সংখ্যা ১৫টি, যার মধ্যে স্থায়ী ৫টি সদস্য দেশ হলো—চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা
মার্কিন সেনা নিহত হলে ভাঙতে পারে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি