লেবানন থেকে উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত থাকলে রাজধানী বৈরুতেও হামলা চালানো হবে বলে সতর্ক করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, 'উত্তরাঞ্চলের বসতিগুলোতে যেকোনো হামলার জবাব দাহিয়ে এলাকায় আঘাতের মাধ্যমে দেওয়া হবে।'
বৈরুতের দক্ষিণাঞ্চলের দাহিয়ে এলাকা হিজবুল্লাহ–এর প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক সময়ে ওই এলাকায় একাধিক ইসরায়েলি হামলা হয়েছে।
কাৎজ আরও বলেন, ইরান যদি লেবাননকে সংঘাতে জড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলার চেষ্টা করে, তাহলে তার জবাবও কঠোরভাবে দেওয়া হবে। তিনি দাবি করেন, গতকালের অভিযানে সেই সক্ষমতার প্রমাণ দেওয়া হয়েছে।
এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, উত্তর ইসরায়েলের জারিত এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর অবস্থানের কাছাকাছি একটি প্রজেক্টাইল পড়ে যাওয়ার পর এই সতর্কতা জারি করা হয়।
তবে ওই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সেনাবাহিনী।
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পাওয়ায় সীমান্ত পরিস্থিতি নতুন করে অস্থির হয়ে উঠছে। একই সঙ্গে লেবাননকে ঘিরে ইরান-ইসরায়েল বিরোধ আরও বিস্তৃত হওয়ার আশঙ্কাও বাড়ছে। সূত্র: সিএনএন
ইরানের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েলের বিমান হামলা