ভারতের আসামে বিমান বিধ্বস্ত, নিহত ৫

আপডেট : ১৪ জুন ২০২৬, ১২:৪৩ এএম

ভারতের আসামে অবতরণের সময় বিমান বাহিনীর একটি পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন পাঁচজন।

 

শনিবার (১৩ জুন) সকালে আসামের জোরহাটের বিমানঘাঁটিতে এ ঘটনা ঘটে। ভারতীয় বিমান বাহিনী নিহতের বিষয়টি নিশ্চিত করেছে।

 

নিহতরা হলেন স্কোয়াড্রন লিডার প্রশান্ত সিং, ফ্লাইট লেফটেন্যান্ট শুভম কুমার, সার্জেন্ট জিতেন্দ্র শর্মা এবং অগ্নিবীরবায়ু খেমারাম কুমাবত ও দানিশ আলম।

 

প্রাথমিক প্রতিবেদন অনুসারে, অবতরণের সময় ‘এএন-৩২’ বিমানটি বিমানঘাঁটির চত্বরের মধ্যেই বিধ্বস্ত হয় এবং দুর্ঘটনার পর আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে এবং পরিস্থিতি মোকাবেলা করতে জরুরি উদ্ধারকারী দলগুলোকে ঘটনাস্থলে পাঠানো হয়।

 

বিমান দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

 

এএন-৩২ বিমানটি প্রতিকূল পরিবেশে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। এটি ৭ দশমিক ৫ টন পর্যন্ত পণ্য, ৫০ জন যাত্রী বা ৪২ জন প্যারাট্রুপার বহন করতে পারে। প্রত্যন্ত অঞ্চলে রসদ সরবরাহের জন্য এটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

 

এর আগে, আসামের কার্বি আংলং জেলায় একটি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান দুর্ঘটনায় ভারতীয় বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছিলেন। এর কয়েক মাস পরেই এ দুর্ঘটনাটি ঘটল। সূত্র: এনডিটিভি

HN
আরও পড়ুন