পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস মহাসড়ক থেকে ছিটকে গভীর খাতে পড়ে গিয়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন।
শুক্রবার (৩ জুলাই) ভোরে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত পাহাড়ি এলাকা ‘দানা সার’-এ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঝওব জেলার জরুরি সেবা কেন্দ্রের প্রধান সানাউল্লাহ শেরানি বার্তা সংস্থা এএফপিকে জানান, যাত্রীবাহী বাসটি কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। পথে পাহাড়ি অঞ্চলের ওই মহাসড়কে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি প্রায় ৭০ থেকে ৮০ ফুট গভীর পাথুরে গিরিখাতে পড়ে যায়।
বেলুচিস্তান সরকারের মুখপাত্র শহীদ রিন্দ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) জানান, দুর্ঘটনাকবলিত বাসটিতে অতিরিক্ত যাত্রী বোঝাই ছিল। পথে অন্য একটি বাস নষ্ট হয়ে যাওয়ায়, সেই বাসের যাত্রীদেরও এই বাসটিতে তুলে নেওয়া হয়েছিল। তীব্র গতির কারণে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ৪০ জন প্রাণ হারিয়েছেন। উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন এবং নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন।
এদিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। তিনি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। সূত্র: আল জাজিরা
তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু
থাইল্যান্ডে ১১ বছরের শিশুর পিকআপ চাপায় ৯ বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু
ইউক্রেনে রাশিয়ার নজিরবিহীন হামলা, নিহত ২৭