ইরানে হামলায় বুলগেরিয়ার ঘাঁটি ব্যবহার পুনর্বিবেচনার আহ্বান আরাঘচির

আপডেট : ৩০ জুলাই ২০২৬, ০৯:২৯ পিএম

মার্কিন সামরিক অভিযানে ব্যবহারের জন্য বেজমের বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজ মোতায়েনের অনুমতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রয়টার্সের বরাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, বুলগেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভেলিস্লাভা পেট্রোভা-চামোভার সঙ্গে টেলিফোনে আলাপকালে আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে সহায়তার জন্য বেজমের বিমানঘাঁটিতে মার্কিন যুদ্ধবিমান মোতায়েনের অনুমতি দেওয়া ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহযোগিতার শামিল। তার ভাষায়, এই পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং দুই দেশের ঐতিহ্যগত বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরও পরিপন্থী।

ইরান এর আগেও সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করে সামরিক অভিযান পরিচালনার সুযোগ দেওয়া দেশগুলোকে এর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

গত সপ্তাহে বুলগেরিয়ার পার্লামেন্ট বেজমের বিমানঘাঁটিতে অস্থায়ীভাবে সর্বোচ্চ আটটি মার্কিন কেসি-১৩৫ আকাশে জ্বালানি সরবরাহকারী উড়োজাহাজ এবং ২৫০ জন সামরিক সদস্য মোতায়েনের অনুমোদন দেয়।

তবে বুলগেরিয়া সরকার জানিয়েছে, সেখানে কোনো আক্রমণাত্মক অস্ত্র মোতায়েন করা হবে না এবং এই সিদ্ধান্তের ফলে দেশটি কোনো সামরিক অভিযানের পক্ষভুক্ত হচ্ছে না। সূত্র: ডন

AS
আরও পড়ুন
সর্বশেষপঠিত