গ্রিসের ক্রিট উপকূলে অর্ধশতাধিক বাংলাদেশি উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০৯:৫৫ এএম

গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে ৪৮ ঘণ্টারও কম সময়ে পৃথক অভিযানে ২০২ জন অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির কোস্ট গার্ড। লিবিয়া থেকে নৌপথে ইউরোপে যাওয়ার সময় তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে বাংলাদেশি ছাড়াও সুদান ও মিসরের নাগরিক রয়েছেন।

গ্রিক সংবাদমাধ্যম ডিমোক্রেটিয়ার বরাতে মিডল ইস্ট মনিটর জানায়, বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে ক্রিটের দক্ষিণ-পূর্বাঞ্চলের আইয়েরাপেত্রা এলাকায় একটি নৌকার অবস্থান শনাক্ত করে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের একটি বিমান। নৌকাটিতে ৪০ জন অভিবাসী ছিলেন।

খবর পেয়ে গ্রিক কোস্ট গার্ডের সদস্যরা একটি মাছ ধরার নৌকার সহায়তায় ঘটনাস্থলে পৌঁছান। পরে অভিযান চালিয়ে নৌকায় থাকা ৪০ জনকেই নিরাপদে উদ্ধার করা হয়। তাদের আইয়েরাপেত্রা বন্দরে নিয়ে পরিচয় শনাক্তের প্রক্রিয়া শুরু করা হয়েছে।

এর কয়েক ঘণ্টা আগেও দুটি পৃথক নৌকা থেকে ১১২ জন অভিবাসীকে উদ্ধার করা হয়। এর মধ্যে প্রথম নৌকায় ছিলেন ৫৬ জন। তাদের ৩১ জন সুদানের এবং ২৫ জন বাংলাদেশের নাগরিক।

দ্বিতীয় নৌকাটিতেও ছিলেন ৫৬ জন। তাদের মধ্যে ৪৭ জন বাংলাদেশি এবং নয়জন মিসরের নাগরিক।

পরে আরও ৪০ জনকে উদ্ধারের ফলে ৪৮ ঘণ্টারও কম সময়ে ক্রিট উপকূল থেকে উদ্ধার হওয়া অভিবাসীর সংখ্যা দাঁড়ায় ২০২ জনে।

উদ্ধার হওয়া অভিবাসীদের হেরাক্লিয়ন বন্দরের একটি অস্থায়ী আবাসনকেন্দ্রে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ে ক্রিটে অভিবাসীদের আগমন বেড়ে যাওয়ায় তাদের সাময়িক আশ্রয় ও ব্যবস্থাপনা নিয়ে স্থানীয় কর্তৃপক্ষের ওপর চাপ বাড়ছে।

লিবিয়া থেকে সমুদ্রপথে ইউরোপে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য ক্রিট বর্তমানে একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। 

Maz
আরও পড়ুন