গাজায় ইসরায়েলি হামলায় ৩ ফিলিস্তিনি নিহত

আপডেট : ২৮ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম

মার্কিন সমর্থিত যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) গাজা উপত্যকার বিভিন্ন স্থানে নতুন করে চালানো বিমান হামলায় অন্তত ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

গাজার স্বাস্থ্য কর্মকর্তারা জানান, দক্ষিণ গাজার আল-কারারা শহরের কাছে একটি বিমান হামলায় এক ব্যক্তি প্রাণ হারান। এ ছাড়া গাজা সিটির বিচ শরণার্থী শিবিরের একটি বাড়িতে চালানো হামলায় আরও একজন নিহত হন। পরবর্তীতে গাজা সিটিতেই এক মোটরসাইকেল আরোহীকে লক্ষ্য করে চালানো পৃথক বিমান হামলায় তৃতীয় ব্যক্তি নিহত হন।

তবে এসব হামলার বিষয়ে তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েলি সামরিক বাহিনী।

গত ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে দীর্ঘদিনের বড় ধরনের সংঘাত স্থগিত হলেও গাজায় সামরিক অভিযান ও হামলা পুরোপুরি বন্ধ করেনি ইসরায়েল। তেল আবিবের দাবি, হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর হামলা নস্যাৎ করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অন্যদিকে হামাসের অভিযোগ, ইসরায়েল ক্রমাগত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বহুপক্ষীয় শান্তি উদ্যোগকেও ইসরায়েল বাধাগ্রস্ত করছে বলে দাবি করে ফিলিস্তিনের এই মুক্তিকামী সংগঠনটি।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ১,৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এ সময়ে তাদের চারজন সৈন্য নিহত হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন