অস্ট্রেলিয়ার তাসমানিয়ার পাহাড়ি বনে পথ হারিয়ে নিখোঁজ হওয়া ৩১ বছর বয়সী বেলজিয়ান পর্যটক সেলিন ক্রেমারের মৃত্যুর কারণ নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
২০২৩ সালে রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার দীর্ঘ ৩ বছর পর সম্প্রতি এক জলপ্রপাতের কাছ থেকে তার মরদেহের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের ১৭ জুন তাসমানিয়ার রেইনফরেস্টে ট্র্যাকিং করতে গিয়ে নিখোঁজ হন সেলিন ক্রেমার। টানা কয়েক সপ্তাহের তল্লাশি সত্ত্বেও খারাপ আবহাওয়া ও অতিরিক্ত ঠান্ডার কারণে তাকে খুঁজে পাওয়া যায়নি। অবশেষে ২০২৫ সালের ডিসেম্বরে বন থেকে তার মোবাইল ফোনটি উদ্ধার করা হলে ঘটনাটি নতুন মোড় নেয়। পরবর্তীতে চলতি বছরের শুরুতে আর্থার নদী থেকে তার হাড়, দাঁত ও ব্যবহৃত জামাকাপড় উদ্ধার করে পুলিশ।
তাসমানিয়ার ময়নাতদন্তকারী আদালতের বিচারক জানান, এটি কোনো অপরাধমূলক ঘটনা নয়, বরং কয়েকটি ভুলের ধারাবাহিকতায় ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনা। বিকেলে আলো কমে আসার সময় সেলিন মূল পথ ছেড়ে ভুল পথে হেঁটে যান। মাইনাস তাপমাত্রায় তার গায়ে পর্যাপ্ত শীতের পোশাক ছিল না এবং একপর্যায়ে তিনি মোবাইল ফোনটি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন।
চিকিৎসকদের ধারণা, হাঁটার সময় পিচ্ছিল পাহাড় থেকে পড়ে গিয়ে বা নদী পার হতে গিয়ে তিনি গুরুতর আহত হন। অতিরিক্ত ঠান্ডা (হাইপোথার্মিয়া), আঘাত কিংবা পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। দীর্ঘ অপেক্ষা ও অনিশ্চয়তা শেষে সেলিনের অবশিষ্টাংশ খুঁজে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে তার পরিবার।
সূত্র: পিপল ডট কম
আজকের দিনে ঢাকায় 'ভুখা মিছিল' কেন হয়েছিলো?
নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৯৭ বছরের বৃদ্ধা