ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি সামরিক অস্ত্র গুদামে রাশিয়ার ড্রোন হামলায় অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৪২ জন। হামলার পর আশপাশের এলাকা থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
রোববার (৩০ আগস্ট) বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার রাতে কিয়েভের বুচা জেলার মাইলা গ্রামের একটি অস্ত্র গুদাম লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলার পর গুদামে থাকা গোলাবারুদ, মাইন ও ড্রোনে একের পর এক বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের অন্তত ১৩০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত স্থাপনার মধ্যে প্রবীণ ও প্রতিবন্ধীদের একটি পুনর্বাসন কেন্দ্রও রয়েছে।
কিয়েভের আঞ্চলিক প্রধান তিমুর তকাচেনকো জানান, হামলায় চার শিশুসহ ৪২ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর বুচা জেলায় উদ্ধার ও তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হামলার লক্ষ্য ছিল এফপি-১ ও এফপি-২ ধরনের দূরপাল্লার ড্রোন তৈরির উপকরণ ও বুস্টার রাখা একটি গুদাম। তবে আবাসিক এলাকার কাছাকাছি অস্ত্র ও বিস্ফোরক রাখার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ৪৫ বছর বয়সি লিউবভ পাভলেঙ্কো এবং ৬১ বছর বয়সি বরিস দানিলুক বসতি এলাকার কাছে অস্ত্র সংরক্ষণ নিয়ে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন।
ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সংশ্লিষ্টদের দায়িত্বে চরম অবহেলার অভিযোগ তুলে ফৌজদারি তদন্তের নির্দেশ দিয়েছেন। কিয়েভের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় আবাসিক এলাকার কাছে বিস্ফোরক ও অস্ত্র সংরক্ষণ আইনসম্মত ছিল কি না, তা তদন্ত করছে।
এর আগে জুলাই মাসে ভিশনেভ এলাকার একটি অস্ত্র গুদামে হামলায় নয়জন নিহত এবং ২৮০টির বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছিল। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী সের্গেই করেটস্কি সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় শিক্ষা না নেওয়ার অভিযোগ তুলে এটিকে অপরাধমূলক অবহেলা হিসেবে উল্লেখ করেছিলেন।
এদিকে কিয়েভের বোরিস্পিল ও ওবলনস্কি এলাকায় পৃথক রুশ হামলায় ১৪ বছর বয়সি এক কিশোর ও দুই বছর বয়সি এক শিশু নিহত হয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শনিবার সকালে আরও পাঁচজন আহত হওয়ার কথা জানিয়েছেন।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গত কয়েক দিনে দেশজুড়ে রুশ হামলায় পাঁচজন নিহত হয়েছেন। একই সময়ে ইউক্রেনের সামরিক বাহিনী ২৩৩টি রুশ ড্রোন ধ্বংস করার দাবি করেছে।
অন্যদিকে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার অর্থনৈতিক অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থার ওপর হামলা বাড়িয়েছে। দেশটির বাহিনী রাশিয়ার ওয়াইল্ডবেরিজ ও ওজোনের সরবরাহকেন্দ্রসহ বিভিন্ন অর্থনৈতিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া রাশিয়ার বেলগোরোদ ও রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় হামলায় দুজন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের বিভিন্ন এলাকাতেও হামলায় চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: বিবিসি
‘হরমুজে তেল পরিবহন স্বাভাবিক’, মার্কিন বক্তব্যে ইরানের আপত্তি
‘দাদাগিরি’ থেকে ‘বিগ বস বাংলা’
নেপাল-চীনে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে প্রায় ৭০০