জেরুজালেমে ফিলিস্তিনিকে গুলি করে হত্যা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

অধিকৃত পূর্ব জেরুজালেমের ওল্ড সিটির দামেস্ক গেটের কাছে এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ।

ইসরায়েলি পুলিশের দাবি, ওই ব্যক্তি নিরাপত্তাকর্মীদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে ঘটনাটি ঘটে বলে ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, সন্দেহভাজন ব্যক্তি দামেস্ক গেট এলাকায় দায়িত্ব পালনরত নিরাপত্তাকর্মীদের দিকে এগিয়ে গিয়ে তাদের ছুরিকাঘাতের চেষ্টা করেন। এ সময় কাছাকাছি থাকা পুলিশ সদস্যরা তাকে গুলি করেন। ঘটনাস্থলেই তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয় বলে পুলিশ জানিয়েছে।

ইসরায়েলি পুলিশের দাবি, ওই ঘটনায় কোনো পুলিশ বা নিরাপত্তাকর্মী আহত হননি। হামলার উদ্দেশ্য এবং নিহত ব্যক্তির পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

দামেস্ক গেট জেরুজালেমের ওল্ড সিটির অন্যতম প্রধান প্রবেশপথ এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। অতীতেও এই এলাকায় ছুরিকাঘাতসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে।

সাম্প্রতিক সময়ে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। গত কয়েক দিনেও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযানে ফিলিস্তিনি নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

তবে শুক্রবারের ঘটনাটিতে নিহত ফিলিস্তিনি সত্যিই ছুরিকাঘাতের চেষ্টা করেছিলেন কি না, সে বিষয়ে ইসরায়েলি পুলিশের দাবির বাইরে স্বাধীনভাবে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ওয়াইএ
আরও পড়ুন