লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত অন্তত ৪

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পিএম

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে আল জাজিরা জানিয়েছে, হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন।

হামলাগুলো এমন সময়ে হয়েছে, যখন ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি (NNA) জানিয়েছে, নাবাতিয়েহ প্রদেশের এব্বা এলাকায় ইসরায়েলি বিমান হামলায় দুইজন নিহত ও পাঁচজন আহত হন। বিনত জবেইল জেলার হারিস এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় আরও একজন নিহত ও তাঁর ভাই আহত হন। আহতদের উদ্ধারে ছুটে যাওয়া দুই চিকিৎসাকর্মীও পৃথক হামলায় আহত হয়েছেন।

এর আগে ইসরায়েলি বাহিনী দক্ষিণ ও পূর্ব লেবাননের কয়েকটি এলাকার বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল। ইসরায়েল দাবি করেছে, এসব এলাকায় হিজবুল্লাহর অবকাঠামো রয়েছে। অন্যদিকে হিজবুল্লাহও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালিয়ে আসছে।

চলমান সংঘাতের কারণে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর রাখা এবং নতুন করে বড় আকারের সংঘাত এড়ানো নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।

এমসিএইচ
আরও পড়ুন