ইরানের হামলায় বাহরাইনে মার্কিন নৌঘাঁটির ব্যাপক ক্ষতি: ভারপ্রাপ্ত নৌপ্রধান

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম

ইরানের হামলায় বাহরাইনে থাকা মার্কিন নৌঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হুং কাও। বাহরাইনে অবস্থিত এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে।

দ্য এপক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হুং কাও ঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়ে সরাসরি মন্তব্য করেন। তিনি বলেন, “তারা বাহরাইনকে পুরোপুরি তছনছ করে দিয়েছে।”

সাম্প্রতিক সময়ে USS Abraham Lincoln মোতায়েন এবং দীর্ঘ সময় ধরে সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় রসদ ও সরবরাহ ব্যবস্থার প্রসঙ্গও সাক্ষাৎকারে উঠে আসে। কাও জানান, বাহরাইনের নৌঘাঁটিতে ক্ষয়ক্ষতির কারণে বিমানবাহী রণতরীর সদস্যদের সেখানে ভেড়ানোর মতো পর্যাপ্ত জায়গা ছিল না।

তার ভাষ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ঘাঁটির অবস্থা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাস্তব সমস্যা তৈরি করেছে। বিশেষ করে দীর্ঘমেয়াদি সামরিক অভিযান চালানোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটির অবকাঠামোগত ক্ষতি সরবরাহ ও জনবল ব্যবস্থাপনায় বাড়তি চাপ সৃষ্টি করতে পারে।

যুদ্ধ শেষ হওয়ার পর মার্কিন বাহিনীকে বাহরাইনের ঘাঁটিতে ফিরে গিয়ে সেটি মেরামত করতে হবে কি না-এমন প্রশ্ন করা হলে কাও বলেন, বিষয়টি পর্যালোচনার জন্য তিনি একটি টাস্কফোর্স গঠন করেছেন।

তিনি বলেন, “এটি দেখার জন্য আমার একটি টাস্কফোর্স রয়েছে।”

বাহরাইনের নৌঘাঁটিটি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যভিত্তিক সামরিক কর্মকাণ্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকায় পারস্য উপসাগর ও আশপাশের সমুদ্রপথে যুক্তরাষ্ট্রের নৌ-তৎপরতার ক্ষেত্রে ঘাঁটিটির কৌশলগত গুরুত্ব রয়েছে।

এদিকে হুং কাওকে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর স্থায়ী সচিব হিসেবে নিয়োগের জন্য মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার মনোনয়ন এখনো মার্কিন সিনেটের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যে বাহরাইনের মার্কিন নৌঘাঁটির ক্ষয়ক্ষতির বিষয়ে ভারপ্রাপ্ত নৌপ্রধানের এই মন্তব্য বিশেষ তাৎপর্য বহন করছে। এর আগে ঘাঁটিটির ক্ষয়ক্ষতি নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ হলেও কাওয়ের বক্তব্যকে দ্য এপক টাইমস সংঘাত চলাকালে ক্ষতির বিষয়ে মার্কিন উচ্চপর্যায়ের একজন কর্মকর্তার সরাসরি স্বীকারোক্তি হিসেবে তুলে ধরেছে।

ওয়াইএ
আরও পড়ুন