'ইরানের জনগণই সব বোমার ফাদার-মাদার’

আপডেট : ২৬ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

ইরানের ওপর নতুন করে বোমা হামলার হুমকির জবাবে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ বলেছেন, ইরানের জনগণই সব বোমার ‘ফাদার-মাদার’। বোমা দিয়ে ইরানের মতো প্রাচীন সভ্যতাকে ধ্বংস করা যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজকে দেওয়া বক্তব্যে আলিরেজা শেখ বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও হুমকির বিরুদ্ধে ইরানের জনগণ দৃঢ়ভাবে জবাব দেবে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের এই সেনা কর্মকর্তা বলেন, এমন একটি জাতির বিরুদ্ধে শত্রুপক্ষ নিজেদের লক্ষ্য অর্জন করতে পারবে না। তাঁর ভাষায়, বোমা দিয়ে কোনো সভ্যতাকে ধ্বংস করা সম্ভব নয়। হুমকি মোকাবিলায় সেনাবাহিনী ও অন্যান্য সশস্ত্র বাহিনীর প্রস্তুতিই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।

আলিরেজা শেখ আরও বলেন, যেকোনো হুমকির জবাব দিতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। বর্তমানে ইরানের সেনাবাহিনী যেকোনো পরিস্থিতিতে পাল্টা জবাব দিতে প্রস্তুত রয়েছে, তাদের আঙুল ট্রিগারেই আছে।

এর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর উপসমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদিও যুক্তরাষ্ট্রকে সামরিক বিষয়ে ভুল হিসাব না করার সতর্কবার্তা দেন। তিনি বলেছিলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে ‘সব বোমার মা’ ব্যবহারের হুমকি দিলে তেহরানও জবাবে ‘বোমার পিতা’ দিয়ে পাল্টা আঘাত হানবে।

ইরানের কর্মকর্তাদের এসব বক্তব্য এমন এক সময়ে এল, যখন দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন করে সামরিক হামলার হুমকি নিয়ে উত্তেজনা চলছে। সূত্র: মেহর নিউজ এজেন্সি

এএস
আরও পড়ুন