প্রকাশ্যে গরুর মাংস খাওয়ার কথা বলে বিতর্কে জড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে সমালোচনার মধ্যে তাঁর সমর্থনে কথা বলে বিতর্কে জড়িয়েছেন ‘মা’ ধারাবাহিকখ্যাত ‘ঝিলিক’ চরিত্রের অভিনেত্রী তিথি বসু।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের আতিথেয়তা ও খাবারের প্রশংসা করেন বিশ্বজিৎ। বিশেষ করে গরুর মাংস ও ইলিশের প্রতি নিজের ভালো লাগার কথা জানান তিনি। তাঁর সেই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনা শুরু হয়।
বিষয়টি নিয়ে বিশ্বজিতের পক্ষে কথা বলেন তিথি। তিনি বলেন, ‘বিশ্বজিৎ কাকু একজন সিনিয়র অভিনেতা এবং মানুষ হিসেবেও অসাধারণ। নিজের সততা থেকেই সত্যি কথাটা বলেছেন। তাছাড়া বাংলাদেশে গিয়ে কে কী খাবেন বা খাবেন না, সেটা তো যার যার ব্যক্তিগত বিষয়।’
তিথির দাবি, চলচ্চিত্র ও টেলিভিশন অঙ্গনের অনেকেই আড়ালে-আবডালে কিংবা প্রকাশ্যে গরুর মাংস খান। তিনি বলেন, তাঁদের ধারাবাহিকেও অনেক ব্রাহ্মণ শিল্পী-অভিনেতা ছিলেন, যারা সেটে বসে গরুর মাংস নিয়ে গল্প করতেন।
তিনি আরও বলেন, কলকাতার অনেক খ্যাতনামা জায়গায় যখন গরুর মাংস বিক্রি হতো, সেখানে বেশিরভাগ হিন্দুই যেতেন। ২০১০ সাল নাগাদ বহু জনপ্রিয় সংগীতশিল্পী ও চ্যানেল কর্মকর্তাকেও গরুর মাংস খাওয়ার জন্য ছুটে যেতে দেখেছেন বলে জানান তিনি।
তিথির ভাষ্য, ‘অনেক মানুষ গরুর মাংস খায়। এটাই বাস্তব। এমনকি মুসলিমদের চেয়ে হিন্দুরাই বেশি খায়। যারা প্রকাশ্যে বলেন না, তাঁদের মধ্যেও অনেকেই হয়তো আড়ালে খেয়ে থাকেন।’
তিনি আরও বলেন, কার কী ধর্ম বা খাদ্যাভ্যাস, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। নিজের পছন্দ অন্যের ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয়।
তিথির এসব মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়েও সমালোচনা শুরু হয়েছে। কেউ লিখেছেন, ‘তুমিও গরুর মাংস খাও! তোমার প্রতি ভালোবাসা কমে গেল।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘অপরিণত মস্তিষ্কে এই বিষয়ে তোমার কথা না বলাই ভালো।’
আরেকজন কটাক্ষ করে লিখেছেন, ‘আমরা গোমাতার পূজা করি, হিন্দুর নামে কলঙ্ক তুমি।’ কেউ কেউ আবার প্রশ্ন তুলেছেন, ‘গরুর মাংস খাওয়া ব্যক্তিগত বিষয় হতেই পারে, কিন্তু প্রকাশ্যে প্রচার করার দরকার কি?’
সব মিলিয়ে বিশ্বজিৎ চক্রবর্তীর বিতর্কিত মন্তব্যের সমর্থনে কথা বলে নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ‘ঝিলিক’খ্যাত তিথি বসু।
নতুন 'বিশ্ব মানচিত্র' নিয়ে ভারতসহ ৩ দেশের আপত্তি, কারণ কী?
মিষ্টিতে পোকা দেখিয়ে টাকা ও আইফোন দাবি, ভ্লগার দম্পতির বিরুদ্ধে অভিযোগ
লোহিত সাগর কি নিয়ন্ত্রণে নিতে পারবে হুথিরা?