মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। আটক ব্যক্তিদের মধ্যে ৪৩৯ জন পুরুষ ও ৩৩ জন নারী রয়েছেন।
রোববার (১৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় ইমিগ্রেশন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থার পাঁচ শতাধিক কর্মকর্তা এ অভিযান পরিচালনা করেন। কোতারায়া এলাকায় আড়াই হাজারের বেশি সন্দেহভাজন বিদেশিকে তল্লাশি করা হয়। যাচাই-বাছাই শেষে ৪৭২ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৫৭, ফিলিপাইনের ৯, নেপালের ৮, ইন্দোনেশিয়ার ৭, পাকিস্তানের ৭, ভারতের ৬, চীনের ৩ এবং জিম্বাবুয়ে ও সৌদি আরবের একজন করে নাগরিক রয়েছেন।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ পরিচয়পত্র না থাকা, অনুমোদিত সময়ের বেশি মালয়েশিয়ায় অবস্থান এবং বৈধ অনুমতি ছাড়া কাজ করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
কুয়ালালামপুর ইমিগ্রেশন বিভাগের পরিচালক হামশা ইঞ্জাউ বলেন, সপ্তাহান্তে বিভিন্ন রাজ্য থেকে বিপুলসংখ্যক বিদেশি কুয়ালালামপুরে আসেন। তাদের অনেকের কাছে বৈধ ভ্রমণ নথি ও কাজের অনুমতিপত্র রয়েছে। তবে এবারের অভিযানে তল্লাশি চালানো আড়াই হাজারের বেশি বিদেশির মধ্যে ৪৭২ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের বিস্তারিত তদন্ত ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিটেনশন ডিপোতে নেওয়া হচ্ছে।
সূত্র: নিউ স্ট্রেইট টাইমস
সৌদিতে নতুন হামলা, হরমুজে জাহাজে আঘাত
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের বৈঠকে ট্রাম্পের আপত্তি নেই