ইয়েমেনের পশ্চিম উপকূলীয় এলাকার হাসপাতালগুলোতে ভয়াবহ চিকিৎসাসেবা সংকট দেখা দিয়েছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (MSF)।
সংস্থাটির ইয়েমেন বিষয়ক কান্ট্রি ডিরেক্টর লু করম্যাক এক সাক্ষাৎকারে এই সংকটের চিত্র তুলে ধরেন।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে লু করম্যাক জানান, সপ্তাহান্তে ওই এলাকার সব হাসপাতাল খালি বা খালি করার পরিস্থিতি তৈরি হয়েছিল। ওই সময়ে মোখা জেনারেল হাসপাতালে যে অত্যাবশ্যকীয় সেবাটুকু চালু রাখা সম্ভব হয়েছিল, তা-ই ছিল স্থানীয়দের একমাত্র ভরসা।
তিনি আরও জানান, কিছু কিছু হাসপাতাল ধীরে ধীরে আবার চালু হতে শুরু করলেও পুরো চিকিৎসা ব্যবস্থায় বড় ধরনের ঘাটতি থেকে গেছে। এমনকি হাসপাতাল চালু রাখার জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যকর্মী ও জনবল খুঁজতেও চরম বেগ পেতে হচ্ছে।
পশ্চিম উপকূলে বিপুল পরিমাণ মানুষের বসবাস উল্লেখ করে করম্যাক বলেন, সাধারণ মানুষের প্রতিদিনের স্বাস্থ্যসেবার সুযোগ থাকা অত্যন্ত জরুরি। যেকোনো পরিস্থিতিতেই মায়েদের সন্তান জন্মদান কিংবা শিশুদের অসুস্থ হওয়ার ঘটনা থেমে থাকে না। জীবন তার নিজস্ব নিয়মে চলে। এই অবস্থায় চিকিৎসার সুযোগ না পেলে অকালেই ঝরে যেতে পারে বহু প্রাণ।
সূত্র: আল-জাজিরা
ইয়েমেন পরিস্থিতি নিয়ে ইরাক-আমিরাত পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ