লোহিত সাগরগামী প্রধান পাইপলাইনে ড্রোন হামলার পর ইউরোপের অন্তত দুটি শোধনাগারে (রিফাইনারি) আগামী অক্টোবরের অপরিশোধিত তেল সরবরাহ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি ‘সৌদি আরামকো’।
ব্লুমবার্গ নিউজের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সাধারণত ইউরোপীয় রিফাইনারিগুলো দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে সৌদির কাছ থেকে প্রতি মাসে নির্ধারিত পরিমাণ তেল কেনে। তবে সৌদি আরবের ‘ইস্ট-ওয়েস্ট’ পাইপলাইনে ড্রোন হামলার কারণে সেটি বন্ধ হয়ে যাওয়ায় এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দরের তেল লোডিং কার্যক্রম ব্যাহত হওয়ায় আগামী মাসে তেল সরবরাহ বন্ধের বিষয়টি ক্রেতাদের জানিয়ে দিয়েছে আরামকো। জানা গেছে, হামলায় পাইপলাইনের তিনটি পাম্পিং স্টেশন ক্ষতিগ্রস্ত হয়েছে।
সরবরাহে এমন ঘাটতির কারণে পোল্যান্ডের রাষ্ট্রীয় রিফাইনারি ‘অরলেন’-সহ ইউরোপের কয়েকটি প্রতিষ্ঠান বিকল্প উৎসের দিকে ঝুঁকছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, সৌদি আমদানির ঘাটতি মেটাতে ইতোমধ্যে উত্তর সাগর থেকে তেল কেনা শুরু করেছে পোলিশ এই প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, আরামকো আগামী কয়েকদিনের মধ্যে পাইপলাইনটির আংশিক কার্যক্রম পুনরায় চালু এবং ছয় সপ্তাহের মধ্যে এটিকে পূর্ণ ক্ষমতায় ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে।
এদিকে, লোহিত সাগর দিয়ে সরবরাহ কমে যাওয়ার ধাক্কা সামলাতে সৌদি আরামকো ওমানের সোহার বন্দরের কাছে জাহাজ থেকে জাহাজে তেল স্থানান্তরের মাধ্যমে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে তেল রপ্তানি বাড়িয়েছে।
‘যে জেলায় যান, সেখানেই বিয়ে করেন’, দাবি সাবেক ওসির ষষ্ঠ স্ত্রীর
বুড়িগঙ্গা রক্ষায় চালু হলো ‘বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার’