ইউক্রেনে রুশ হামলায় ৮ নিহত, জাহাজ ধ্বংস

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ এএম

ইউক্রেনজুড়ে রাতভর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে অন্তত আটজন নিহত এবং বহু বেসামরিক লোক আহত হয়েছেন।

কৃষ্ণসাগরে ইউক্রেনের দুটি বাণিজ্যিক জাহাজেও রুশ ড্রোন আঘাত হেনেছে বলে জানা গেছে। সামরিক সরঞ্জাম বহনের অভিযোগে জাহাজ দুটিকে লক্ষ্যবস্তু বানায় মস্কো।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, ক্রিমিয়া ও রাশিয়া থেকে মোট ১৭৪টি ড্রোন ও দুটি জিরকন অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা।

তবে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে ১৪১টি লক্ষ্যবস্তু ধ্বংস বা নিষ্ক্রিয় করতে সক্ষম হয়েছে। বাকি ড্রোনের ধ্বংসাবশেষে নয়টি অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে।

হামলার তীব্রতায় খারকিভ অঞ্চলে পাঁচজন এবং খারসনে আরও তিনজন প্রাণ হারিয়েছেন। এসব হামলায় বহুতল ভবন, বসতবাড়ি, মোবাইল টাওয়ার ও গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়।

দনেপ্রোপেত্রোভস্ক অঞ্চলেও এরিয়াল বোমা ও কামানের গোলার আঘাতে অন্তত দুজন গুরুতর আহত হন। তবে রুশ ক্ষেপণাস্ত্রগুলো মূল লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি বলে দাবি কিয়েভের।

তথ্যসূত্র: আল জাজিরা

এইচএন
আরও পড়ুন