হরমুজে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের তথ্যে বড় গরমিল!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ এএম

হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের পরিসংখ্যান নিয়ে মার্কিন সামরিক বাহিনীর দেওয়া তথ্যের সঙ্গে চরম দ্বিমত পোষণ করেছে যুক্তরায্যের সামুদ্রিক বাণিজ্য বিষয়ক সংস্থা 'ইউকেএমটিও' (UKMTO)। স্বাধীন ট্র্যাকিং তথ্যের বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, বাস্তবে মার্কিন দাবির চেয়ে অনেক কম সংখ্যক জাহাজ এই প্রণালি অতিক্রম করছে।

যুক্তরাজ্যের এই সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থাটির মতে, স্বাধীন উপাত্ত অনুযায়ী হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন উভয় অভিমুখে কেবল একক সংখ্যার (১০টির কম) জাহাজ চলাচল করছে। অথচ মার্কিন নৌবাহিনীর 'নেভাল কোঅপারেশন অ্যান্ড গাইডেন্স ফর শিপিং'-এর দেওয়া তথ্য দাবি করছিল যে, গত ৭২ ঘণ্টায় গড়ে প্রতিদিন ৩০টিরও বেশি জাহাজ এই পথ ব্যবহার করেছে।

যুক্তরাজ্যের সংস্থা ইউকেএমটিও জানায়, মার্কিন বা স্বাধীন যে তথ্যই বিবেচনা করা হোক না কেন, যুদ্ধপূর্ব পরিস্থিতির তুলনায় বর্তমানে এই আন্তর্জাতিক নৌপথে জাহাজ চলাচল ব্যাপকভাবে হ্রাস পেয়েছে। ওই অঞ্চলে এখনও ইরানের ক্রমাগত হামলা, হামলার চেষ্টা ও জাহাজ চলাচলে বাধার কারণে সার্বিক হুমকি পরিস্থিতি 'গুরুতর' (Severe) পর্যায়েই রয়েছে।

সংস্থাটি আরও জানায়, গত ৭২ ঘণ্টায় এই এলাকায় অন্তত তিনটি হামলার খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৮ সেপ্টেম্বর একটি তেলবাহী ট্যাংকার জাহাজে হামলা চালানো হলে তাতে আগুন ধরে যায়। ইউকেএমটিও-এর মতে, এ ধরনের হামলা প্রমাণ করে যে ইরান এই গুরুত্বপূর্ণ নৌপথগুলোতে নিজেদের উপস্থিতি বজায় রাখতে এবং চলাচলকারী জাহাজগুলোর ওপর চাপ অব্যাহত রাখতে সচেষ্ট।

এছাড়া, বাব আল-মান্দেব প্রণালি ও দক্ষিণ লোহিত সাগরে গত জুলাই মাস থেকেই জাহাজ চলাচল সীমিত রয়েছে বলে ইউকেএমটিও জানিয়েছে। তবে গত কয়েক দিনে ওই এলাকায় নতুন কোনো হামলার তথ্য পাওয়া যায়নি।

সূত্র: আল-জাজিরা

এমইউ
আরও পড়ুন