শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ (Dujuan)-এর প্রভাবে জাপানে ভয়াবহ বন্যা, ধস ও তীব্র জনজীবন বিপর্যয় সৃষ্টি হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে প্রায় ১৬ লাখের বেশি মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজধানী টোকিওর নিকটবর্তী অঞ্চলগুলোতে বিমান ও রেল যোগাযোগ সম্পূর্ণ ভেঙে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) টাইফুন দুজুয়ান ঘণ্টায় প্রায় ১৪৪ কিলোমিটার (৮৯ মাইল) বেগে জাপানের রাজধানী টোকিওর কাছে কাতসুউরার ১৩০ কিলোমিটার দক্ষিণে আঘাত হানে। এতে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে কিয়োদো নিউজ নিশ্চিত করেছে, ঝড়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ভোরের দিকে ঝড়টি উপকূল থেকে কিছুটা দূরে সরে উত্তর-পূর্ব দিকে আলেউশিয়ান দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হতে শুরু করেছে এবং এর বাতাসের তীব্রতা কিছুটা কমেছে।
তবে জেএমএ-র কর্মকর্তা তাকুয়া হোসোমি সতর্ক করে বলেছেন, টাইফুনটি উত্তর দিকে যাওয়ার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকার ঝুঁকি রয়েছে।
টাইফুনের কারণে টোকিও ও ওসাকার মধ্যবর্তী বুলেট ট্রেনসহ একাধিক রেল সেবা স্থগিত রাখা হয়। বিমান চলাচলেও চরম বিঘ্ন ঘটে; জাপান এয়ারলাইন্স ১৩৫টি এবং অল নিপ্পন এয়ারওয়েজ ১৪০টি ফ্লাইট বাতিল করায় বিমানবন্দরে আটকা পড়েন শত শত যাত্রী। আবহাওয়া সংস্থা জানিয়েছে, সেপ্টেম্বরের গড় বৃষ্টিপাতের রেকর্ড ছাড়িয়ে এই ঝড়ে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে জনপ্রিয় পর্যটন কেন্দ্র কামাকুরা স্টেশনের সামনের রাস্তাগুলো প্লাবিত হতে দেখা গেছে। কামাকুড়ার মেয়র তাকাশি মাতসুও এক্স-এ বাসিন্দাদের সতর্ক করে গাড়ি না চালানোর অনুরোধ করেছেন। এছাড়া টোকিওর পূর্বে অবস্থিত ইচিকাওয়া শহরের বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে।
ঝড়ের কারণে বিশ্ববিখ্যাত টেক মেলা ‘টোকিও গেম শো’-এর শেষ দিনের কার্যক্রম নির্ধারিত সময়ের আগেই বন্ধ করে দেওয়া হয়। পাশাপাশি চিবা অঞ্চলে আয়োজিত একটি বড় আউটডোর সঙ্গীত উৎসব ও বেসবল ম্যাচ বাতিল করা হয়েছে। চলতি বছর জাপানে আঘাত হানা ২৫তম টাইফুন এটি।
সূত্র: আল-জাজিরা
জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধের উদ্যোগ
মধ্যপ্রাচ্যে জ্বালানি অবকাঠামো পুনর্গঠনে ৫ বিলিয়ন ডলার দিবে যুক্তরাষ্ট্র