ইরানকে গোয়েন্দা সহায়তা না দিতে শি-কে ট্রাম্পের সতর্কতা

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

ইরানকে সরাসরি বা পরোক্ষভাবে গোয়েন্দা তথ্য, যন্ত্রাংশ কিংবা সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা না করতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পার্ডু এ তথ্য জানিয়েছেন।

চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ট্রাম্প ও শির বৈঠকে বিষয়টি আবারও স্পষ্ট করে জানানো হয়েছে। সাম্প্রতিক কয়েক সপ্তাহ ধরে ওয়াশিংটন একাধিকবার বেইজিংয়ের কাছে এ উদ্বেগের কথা জানিয়েছে। পার্ডুর ভাষ্য অনুযায়ী, তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের বিষয়টি থেকে ইরানকে সহায়তার প্রশ্নটি আলাদাভাবে দেখছে ওয়াশিংটন।

শি জিনপিং সতর্কবার্তার জবাবে কী বলেছেন, এ বিষয়ে জানতে চাইলে পার্ডু দুই নেতার আগের সমঝোতার কথা তুলে ধরেন। সেখানে ইরান যেন কখনো পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া এবং প্রণালি দিয়ে চলাচলের ওপর কোনো দেশ যেন টোল আরোপ না করে, এসব বিষয়ে ঐকমত্যের কথা উল্লেখ করেন তিনি।

পার্ডু আরও বলেন, মার্কিন সতর্কবার্তার পর চীন কিছু পদক্ষেপ নিয়েছে বলে ওয়াশিংটন প্রমাণ পেয়েছে। তার দাবি, চীন কিছু কার্যক্রম বন্ধ বা কমিয়ে দিয়েছে। তবে কোন কার্যক্রম বন্ধ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

হরমুজ প্রণালি বন্ধ রাখতে চীন ইরানকে সহায়তা করেছে কি না, এমন প্রশ্নের জবাবে পার্ডু বলেন, যুক্তরাষ্ট্রের ধারণা, এ ক্ষেত্রে পরোক্ষ সহায়তা ছিল। তবে সরাসরি সহায়তার কোনো প্রমাণ তাদের হাতে নেই। বিষয়টি নিয়ে ওয়াশিংটন এখনো উদ্বিগ্ন এবং বেইজিংকে তা জানানো হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের প্রথম ছয় মাসে চীনা সরবরাহকারীরা ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে প্রায় ১ হাজার ৩০০ চালান পাঠিয়েছে। এসব চালানে দ্বৈত ব্যবহারযোগ্য যন্ত্রাংশ ছিল, যা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সচল রাখতে সহায়তা করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

এএস
আরও পড়ুন