যুক্তরাষ্ট্রের মাটি থেকে স্পেসএক্সের (SpaceX) ফ্যালকন ৯ রকেটে চড়ে সফলভাবে মহাকাশে নিজেদের প্রথম স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কিরগিজস্তান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দেশটির পক্ষ থেকে এই ঐতিহাসিক মাইলফলক অর্জনের কথা জানানো হয়।
কিরগিজ প্রেসিডেন্সির প্রেস সার্ভিস জানিয়েছে, একই রকেটে উৎক্ষেপিত একগুচ্ছ মহাকাশযানের অংশ হিসেবে ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্যাটেলাইটটিকে কক্ষপথে স্থাপন করা হয়। কিরগিজস্তান ও সংযুক্ত আরব আমিরাতের যৌথ উদ্যোগে পরিচালিত এই মিশনের নিয়ন্ত্রণ কেন্দ্রটি দেশটির রাজধানী বিশকেকে স্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্র সফররত কিরগিজ প্রেসিডেন্ট সাদর জাপারভ স্বয়ং উপস্থিত থেকে এই উৎক্ষেপণ অনুষ্ঠান পর্যবেক্ষণ করেন।
এই স্যাটেলাইট উৎক্ষেপণের ফলে কৃষি জমি, হিমবাহ, জলাশয়, বনভূমি এবং চারণভূমি পর্যবেক্ষণসহ প্রাকৃতিক পরিবেশের নানা পরিবর্তন ট্র্যাক করার ক্ষেত্রে কিরগিজস্তানের সামনে নতুন সুযোগ তৈরি হয়েছে। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, স্যাটেলাইটের মাধ্যমে প্রাপ্ত উপাত্ত ব্যবহার করে প্রাকৃতিক সম্পদের অবৈধ উত্তোলন, অনুমোদনহীন আবর্জনার স্তূপ এবং অন্যান্য দূষণের উৎস চিহ্নিত করা সম্ভব হবে।
এছাড়া প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস ও দ্রুত শনাক্তকরণে স্যাটেলাইট প্রযুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর মাধ্যমে খরা, বন্যা, ভূমিধস, পাহাড়ি ঢল এবং দাবানলের মতো প্রাকৃতিক বিপর্যয়ের লক্ষণগুলো দ্রুত শনাক্ত করে সম্ভাব্য ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যাবে।
ভবিষ্যতে স্যাটেলাইট থেকে প্রাপ্ত ডেটা সরকারের বিভিন্ন ডিজিটাল সিস্টেমের সঙ্গে যুক্ত করে ডিজিটাল মানচিত্র ও বিশ্লেষণাত্মক মডেল তৈরি করা হবে। এই উপাত্ত সরকারের নীতি নির্ধারণ, বিনিয়োগ পরিকল্পনা এবং বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচি মনিটরিংয়ে সহায়তা করবে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, স্যাটেলাইট ডেটা এবং সুপারকম্পিউটিং প্রযুক্তির সমন্বয় কিরগিজস্তানের অর্থনৈতিক ও প্রাকৃতিক সম্পদ আরও নিখুঁত এবং দক্ষতার সঙ্গে ব্যবস্থাপনার শক্তিশালী ভিত্তি তৈরি করবে।
সূত্র: আনাদোলু
মক্কা-মদিনাকে লক্ষ্য করে ৯ বছরে ৩ বার হামলা চালিয়েছে হুথিরা: সৌদি
তেলের দাম ও বন্ডের সুদ বাড়ায় এশিয়ার শেয়ারবাজারে দরপতন