মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘মূলত প্রায় শেষ’ হয়ে এসেছে। একই সঙ্গে তিনি ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
সোমবার (৫ অক্টোবর) নেব্রাস্কায় এক বক্তব্যে ট্রাম্প বলেন, ইরান যাতে পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে, তা নিশ্চিত করতে জ্বালানির দাম কিছুটা বেড়ে যাওয়াকে ‘ছোট মূল্য’ হিসেবে দেখছেন তিনি।
ট্রাম্প বলেন, “আমরা বিশ্বকে এমন একটি ঘটনা থেকে রক্ষা করছি, যা ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডিগুলোর একটি হতে পারত। তারা পরমাণু অস্ত্র পাবে না। তারা বিষয়টি বুঝতে পেরেছে। সিদ্ধান্ত হয়ে গেছে।”
জ্বালানির দাম বৃদ্ধির প্রসঙ্গে ট্রাম্প বলেন, যুদ্ধের কারণে দাম বেড়ে যাওয়া মূলত ‘কৃত্রিম’ এবং এটি সাময়িক। তাঁর দাবি, পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম দ্রুত কমে আসবে।
তিনি বলেন, “মনে রাখবেন, যুদ্ধের কারণে এটি কৃত্রিমভাবে বেড়েছে। দাম কিছুটা বেশি। বিশ্বকে নিরাপদ রাখার জন্য এটি একটি ছোট মূল্য।”
ট্রাম্প আরও বলেন, ইরান যুদ্ধ শুরুর আগে তিনি একটি গ্যাস স্টেশনের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতি গ্যালন পেট্রলের দাম ১.৮৫ ডলার দেখেছিলেন। খুব অল্প সময়ের মধ্যেই যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম এর চেয়েও কমে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ট্রাম্পের মন্তব্য এমন সময়ে এলো, যখন ইরান-সংঘাতের প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজার ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে গভীর অনিশ্চয়তা তৈরি করেছে। তাঁর ‘যুদ্ধ প্রায় শেষ’ মন্তব্য সংঘাতের সামরিক ও কূটনৈতিক পরিস্থিতিতে নতুন করে আশার বার্তা দিলেও, যুদ্ধ পুরোপুরি শেষ হওয়ার বিষয়ে এখনো বিস্তারিত কোনো রূপরেখা দেওয়া হয়নি।
সৌদি আরবে সেনা মোতায়েন করলো তুরস্ক ও পাকিস্তান