ফিলিস্তিনি ঐক্য ও নির্বাচন নিয়ে কায়রোতে বৈঠক, আলোচনায় হামাস-ফাতাহসহ বিভিন্ন গোষ্ঠী

আপডেট : ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪০ পিএম

ফিলিস্তিনের রাজনৈতিক বিভক্তি দূর করা, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং নির্বাচন নিয়ে আলোচনার জন্য মিসরের রাজধানী কায়রোতে বৈঠকে বসছেন ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর নেতারা। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় এই বৈঠকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ (পিআইজে) এবং ফিলিস্তিন মুক্তি সংস্থা (পিএলও)-এর প্রতিনিধিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে ফিলিস্তিনি রাজনৈতিক দলগুলোর মধ্যকার মতপার্থক্য নিরসন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যে ফাতাহর মুখপাত্র আবদেল ফাত্তাহ দাওলা বলেন, বুধবার ও বৃহস্পতিবারের বৈঠকের মূল লক্ষ্য হবে বৃহত্তর সংলাপের প্রস্তুতি নেওয়া এবং বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর মধ্যে ঐকমত্য তৈরির প্রচেষ্টা জোরদার করা।

এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস আগামী মাসে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচন প্রায় এক বছর পিছিয়ে দেওয়ার ঘোষণা দেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছে।

আব্বাসের নেতৃত্বাধীন পিএলওর নির্বাহী কমিটি এক বিবৃতিতে জানায়, অধিকৃত পূর্ব জেরুজালেম, অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার বর্তমান পরিস্থিতি নির্বাচন আয়োজনের অনুকূলে নয়। বিশেষ করে গাজায় নির্বাচনী সামগ্রী এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের প্রবেশের অনুমতি না দেওয়ার বিষয়টি নির্বাচন স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘদিন ধরে বিভক্তি রয়েছে। এই বিভক্তি নিরসন এবং অভিন্ন রাজনৈতিক অবস্থান তৈরির প্রচেষ্টা হিসেবে কায়রোর বৈঠককে দেখা হচ্ছে। তবে বৈঠকে কী ধরনের সিদ্ধান্ত আসবে এবং তা নির্বাচনের প্রস্তুতিতে কতটা অগ্রগতি আনবে, তা এখনো স্পষ্ট নয়।

এমইউ
আরও পড়ুন