হরমুজ প্রণালিতে অনুপ্রবেশকারী জাহাজ ও ড্রোন ডুবেছে, দাবি ইরানের

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

হরমুজ প্রণালিতে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে আটকে পড়া অনুপ্রবেশকারী জাহাজ ও ড্রোন ডুবে গেছে বলে দাবি করেছেন দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেবি।

রোববার (১ নভেম্বর) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। পোস্টে কয়েকটি ড্রোন ও জাহাজের ছবি প্রকাশ করে মোহেবি লেখেন, ‘তারা ডুবে গেছে’ (They sank)।

ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির (এমএনএ) প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডারের বক্তব্যের জবাবে আইআরজিসির মুখপাত্র ওই পোস্ট দেন।

এর আগে শনিবার মোহেবি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হলে তা কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। শত্রুপক্ষকে আঘাত করা এবং পূর্ণাঙ্গ প্রতিরোধক্ষমতা নিশ্চিত করতে ইরানের সামরিক অভিযানের পরিধি বিস্তৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের বড় একটি অংশ এ পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এ অঞ্চলে সামরিক উত্তেজনা বৃদ্ধি পেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও নৌ-পরিবহনে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তবে ইরানের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্টকমের কোনো প্রতিক্রিয়া কিংবা জাহাজ ও ড্রোন ডুবে যাওয়ার স্বাধীনভাবে নিশ্চিত হওয়া তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

সূত্র: মেহর নিউজ এজেন্সি

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত