পরাজয়ের পর ঘরবাড়ির জিনিসপত্র ভাঙচুর করছেন ট্রাম্প!

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৩১ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয় এবং কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপের ঝড় উঠেছে। নির্বাচনের ফল প্রকাশের পর থেকে ট্রাম্পের বিভিন্ন কাল্পনিক প্রতিক্রিয়া দেখিয়ে তৈরি ভিডিও, পুরোনো ফুটেজ এবং এআই-জেনারেটেড মিম ছড়িয়ে পড়ছে।

এর মধ্যে একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রাম্পের মতো দেখতে এক ব্যক্তি ঘরের আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করছেন। ভিডিওটি এমনভাবে প্রচার করা হচ্ছে, যেন নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়ের খবর শুনে ট্রাম্প ক্ষুব্ধ হয়ে নিজের ঘরের জিনিসপত্র ভাঙছেন। তবে এই দৃশ্যকে ট্রাম্পের বাস্তব প্রতিক্রিয়া হিসেবে দেখার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ভাঙচুরের ভিডিওটির পেছনে পুরোনো কমেডি অনুষ্ঠান

ভিডিওটির সঙ্গে মিলে যায় এমন একটি দৃশ্য নিয়ে ২০২০ সালে অনুসন্ধান চালিয়েছিল বার্তা সংস্থা এএফপি। তাদের ফ্যাক্টচেক অনুযায়ী, ভিডিওটি ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কমেডি সেন্ট্রালের প্রচারিত ‘দ্য প্রেসিডেন্ট শো’ নামের একটি ব্যঙ্গাত্মক অনুষ্ঠানের অংশ।

অনুষ্ঠানটিতে ট্রাম্পের চরিত্রে অভিনয় করেছিলেন মার্কিন অভিনেতা, লেখক ও কৌতুকশিল্পী অ্যান্থনি আতামানুইক। অনুষ্ঠানের ‘The President Smashes Everything’ শিরোনামের দৃশ্যে তাঁকে ওভাল অফিসের অনুকরণে তৈরি সেটের বিভিন্ন জিনিসপত্র ভাঙতে দেখা যায়।

এএফপি মূল অনুষ্ঠানটির ইউটিউব ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো দৃশ্যের মিল খুঁজে পায়। মূল ভিডিওর ৩ মিনিট ৪৮ সেকেন্ডের অংশের সঙ্গে ভাইরাল ফুটেজটির মিল রয়েছে। ফলে ওই ভিডিওকে ট্রাম্পের বাস্তব কর্মকাণ্ড হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর। 

এআই দিয়ে তৈরি আরেক ভিডিওতে ট্রাম্পকে ময়লার ঝুড়িতে ফেলা হয়

নির্বাচনের পর ভাইরাল হওয়া আরেকটি ভিডিওতে কয়েকজন স্যুট পরা ব্যক্তিকে ট্রাম্পকে তুলে একটি বড় ময়লার ঝুড়িতে ফেলে দিতে দেখা যায়। ঝুড়িটির গায়ে লেখা ‘Hazardous Waste’ বা বিপজ্জনক বর্জ্য। ভিডিওটির সঙ্গে ‘The US midterm elections’ ক্যাপশন যুক্ত করে পোস্ট করে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের এক্স অ্যাকাউন্ট।

এই ভিডিওটি বাস্তব ঘটনা নয়; এটি এআই দিয়ে তৈরি ব্যঙ্গাত্মক কনটেন্ট। নির্বাচনে রিপাবলিকানদের পরাজয়কে বিদ্রূপ করতেই এমন দৃশ্য তৈরি করা হয়েছে। 

নির্বাচনের পর মিমের বন্যা

২০২৬ সালের ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা সিনেট ও প্রতিনিধি পরিষদ—কংগ্রেসের দুই কক্ষেই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়ে পড়ে।

কোনো ভিডিওতে তাঁকে বিপজ্জনক বর্জ্যের ঝুড়িতে ফেলা হচ্ছে, কোথাও গাছের যে ডালে বসে আছেন সেটিই নিজে কেটে ফেলার দৃশ্যের সঙ্গে তাঁর রাজনৈতিক কর্মকাণ্ডের তুলনা করা হচ্ছে। আবার কোনো ভিডিওতে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার চেষ্টা নিয়ে ব্যঙ্গ করা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম হিউম ইংলিশের ৪ নভেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এআই-জেনারেটেড ভিডিও, সম্পাদিত ফুটেজ ও পুরোনো দৃশ্য মিলিয়ে ট্রাম্পকে ঘিরে ব্যাপক মিম ছড়িয়ে পড়ে।

ওয়াইএ
আরও পড়ুন
সর্বশেষপঠিত