ট্রাম্পের ‘জিহাদি’ আখ্যাই এল-সাইয়েদের জয়ে ভূমিকা রেখেছে: রিপাবলিকান নেতা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৮:২২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুসলিমবিরোধী মন্তব্য ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সাইয়েদের নির্বাচনী সাফল্যে ভূমিকা রেখেছে বলে মন্তব্য করেছেন মিশিগান রিপাবলিকান পার্টির চেয়ারম্যান জিম রানেস্টাড। ট্রাম্পের ‘জিহাদি’ আখ্যা দেওয়ার বিষয়টি উল্টো এল-সাইয়েদের পক্ষে জনসমর্থন বাড়াতে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।

এমএস নাউকে দেওয়া এক সাক্ষাৎকারে রানেস্টাড বলেন, ‘আপনার কথার কারণে একটি পুরো সম্প্রদায় নিজেদের আক্রান্ত মনে করছে কি না, সে বিষয়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে।’

ট্রাম্পের ব্যবহৃত ভাষা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ভাষা আমি ব্যবহার করতাম না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পরবর্তী রাজনৈতিক প্রচারে ট্রাম্প একাধিকবার তৎকালীন ডেমোক্র্যাট প্রার্থী এল-সাইয়েদকে ‘জিহাদি’ বলে আখ্যায়িত করেছিলেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আরও কয়েকটি ইসলামবিদ্বেষী মন্তব্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

মিশিগানের সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে জয় পেয়েছেন আবদুল এল-সাইয়েদ। তাঁর এই বিজয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটে প্রথম মুসলিম সদস্য নির্বাচিত হওয়ার পথ তৈরি হয়েছে।

রানেস্টাডের বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ট্রাম্পের আক্রমণাত্মক প্রচার কেবল একজন প্রার্থীকে লক্ষ্য করেনি; বরং মুসলিম ও বৃহত্তর জনগোষ্ঠীর একটি অংশের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাঁর মতে, রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় কোনো সম্প্রদায়কে সামগ্রিকভাবে আক্রমণের শিকার মনে হওয়ার ঝুঁকি বিবেচনায় রাখা জরুরি।

এল-সাইয়েদের জয়কে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয়, মুসলিমবিরোধী বক্তব্য এবং নির্বাচনী প্রচারের ভাষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

ওয়াইএ
আরও পড়ুন