ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এমন খবর প্রকাশ হওয়ার পরই বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে স্বর্ণ ও তেলের দাম। পতন হয়েছে শেয়ারের দাম। বিবিসির খবরে জানা গেছে, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই হামলার ঘোষণা দেওয়ার পরই এমন অবস্থা দেখা দিয়েছে।
শুক্রবার (১৯ এপ্রিল) সকালেই এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম বেড়েছে শতকরা কমপক্ষে ৩ ভাগ। ফলে প্রায় ৯০ ডলারে বিক্রি হচ্ছে প্রতি ব্যারেল তেল।
অন্যদিকে স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি আউন্স ২৪০০ ডলারের ওপরে। এটা বিশ্ববাজারে স্বর্ণের সর্বোচ্চ দাম। জাপান, হংকং এবং দক্ষিণ কোরিয়ায় বেঞ্চমার্ক শেয়ার সূচকের পতন হয়েছে। বিনিয়োগকারীরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

