ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’তে গত এক মাসে দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। রোববার (২৯ মার্চ) এক বিবৃতিতে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।
মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৭৬ জন ইরানি প্রাণ হারিয়েছেন, যার মধ্যে ২১৬ জনই শিশু। এছাড়া আহতের সংখ্যা ২৬ হাজার ৫০০ ছাড়িয়ে গেছে। আহতদের মধ্যে ১ হাজার ৭৬৭ জন অবুঝ শিশু রয়েছে।
টানা পাঁচ সপ্তাহ ধরে চলা এই বিমান হামলায় ইরানের চিকিৎসা ও জরুরি সেবামূলক অবকাঠামো প্রায় ধ্বংস হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অন্তত ৩৩৬টি স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরিসেবা কেন্দ্র সরাসরি হামলার শিকার হয়েছে। এতে আহতদের চিকিৎসা প্রদানও দুরূহ হয়ে পড়েছে।
এদিকে ইরানও হাত গুটিয়ে বসে নেই। তাদের পাল্টা হামলায় লেবানন সীমান্তসহ বিভিন্ন স্থানে এ পর্যন্ত ১৯ জন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন সক্রিয় সেনাসদস্য।
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) নিশ্চিত করেছে যে, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এ পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য প্রাণ হারিয়েছেন।
মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র এখন এক চরম অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: আল জাজিরা
‘আমাদের সৈন্যরা মার্কিন সেনাদের জ্বালিয়ে দেওয়ার অপেক্ষায় রয়েছে’
হামলার আগে ‘মার্কিন ঘাঁটির স্যাটেলাইট ছবি’ ইরানকে দিয়েছে রাশিয়া
