ইসরায়েলের বিরসেবা অঞ্চলে ইরানের হামলার পর একটি শিল্প এলাকায় বিপজ্জনক রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে; পরিস্থিতি মোকাবিলায় আশপাশের বাসিন্দাদের ঘরের ভেতরে থাকতে, জানালা-দরজা বন্ধ রাখতে এবং কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
হামলার পরপরই কেন্দ্রীয় ইসরায়েলকে বিরসেবার সঙ্গে সংযুক্তকারী প্রধান মহাসড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, সম্ভাব্য দূষণ নিয়ন্ত্রণ, রাসায়নিক ঝুঁকি থাকলে তা সীমিত করা এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ এখন অগ্রাধিকার ভিত্তিতে চালানো হচ্ছে। একই সঙ্গে এলাকা ঠান্ডা রাখার চেষ্টা চলছে, যাতে কোনো রাসায়নিক বিক্রিয়া বা নতুন করে লিকের ঝুঁকি না তৈরি হয়।
উল্লেখ্য, এই শিল্প এলাকায় প্রায় ১৯টি বিভিন্ন কারখানা রয়েছে, যার মধ্যে ব্রোমাইড উৎপাদনকারী কারখানা এবং একাধিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানও আছে। পাশাপাশি এটি ইসরায়েলের গুরুত্বপূর্ণ বিপজ্জনক বর্জ্য নিষ্পত্তি কেন্দ্রগুলোর একটি, ফলে সম্ভাব্য ক্ষয়ক্ষতির পরিধি নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
তবে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি, ঠিক কোন স্থাপনায় হামলা হয়েছে বা সেখানে কী ধরনের উপাদান উৎপাদন বা সংরক্ষণ করা হতো। সামরিক সেন্সরশিপের কারণে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। সূত্র: আলজাজিরা
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ড
