যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলায় ইরানে নিহতের সংখ্যা ৩৪০০ ছাড়ালো

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১২:৩০ পিএম

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধে ইরানে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ছুঁইছুঁই। গত এক মাসেরও বেশি সময় ধরে চলা এই অভিযানে এখন পর্যন্ত ৩ হাজার ৪৬৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় একটি সংস্থা।

শনিবার (১৮ এপ্রিল) ইরানের ‘শহীদ ও ভেটেরানবিষয়ক ফাউন্ডেশন’ এই তথ্য নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং আরব নিউজ এই খবর প্রকাশ করেছে।

ফাউন্ডেশনের প্রধান আহমদ মুসাভি স্থানীয় সংবাদ সংস্থা আইএসএনএ-কে জানান, গত ফেব্রুয়ারি মাসে তেহরানে হামলার মাধ্যমে যে সংঘাত শুরু হয়েছিল, তাতে এখন পর্যন্ত ৩,৪৬৮ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। বর্তমানে দুই সপ্তাহের একটি সাময়িক যুদ্ধবিরতি চললেও নিহতের এই সংখ্যা বিশ্বজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

এর আগে গত ১২ এপ্রিল ইরানের ‘লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’ জানিয়েছিল নিহতের সংখ্যা ৩,৩৭৫ জন। অর্থাৎ মাত্র কয়েক দিনের ব্যবধানে আরও প্রায় ১০০ জনের মরদেহ শনাক্ত বা মৃত্যু হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (HRANA) আরও ভয়াবহ তথ্য দিয়েছে। তাদের ৭ এপ্রিলের প্রতিবেদন অনুযায়ী, নিহতের সংখ্যা অন্তত ৩,৬৩৬ জন। এর মধ্যে ১,৭০১ জনই সাধারণ বেসামরিক নাগরিক, যার মধ্যে অন্তত ২৫৪টি শিশু রয়েছে। এছাড়া ১,২২১ জন সামরিক সদস্য এবং ৭১৪ জনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

যুদ্ধবিধ্বস্ত ইরানের বিভিন্ন এলাকায় উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে নিয়মিত মরদেহ উদ্ধার হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় এই মানবিক বিপর্যয় রোধে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানালেও সংঘাত থামার স্থায়ী কোনো সমাধান এখনও মেলেনি।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত