কুয়েত ও বাহরাইন লক্ষ্য করে একযোগে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান।
মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (CENTCOM) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সেন্টকম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে জানায়, প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী ইরানের ছুড়ে দেওয়া ৭টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টিকেই আকাশেই প্রতিহত করা হয়েছে। এছাড়া সপ্তম ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়েছে এবং নির্দিষ্ট লক্ষ্যের আগেই সেটি আছড়ে পড়েছে।
মার্কিন সামরিক বাহিনী আরও জানিয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো মার্কিন সামরিক কর্মকর্তা বা সদস্যের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ‘পঞ্চম নৌবহর’ এর সদর দফতর ক্ষতিগ্রস্ত করার যে দাবি ইরান করেছে, তাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেন্টকম।
মার্কিন বাহিনীর দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্র হামলার মাত্র কয়েক ঘণ্টা আগেই হরমুজ প্রণালি অভিমুখে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটি আত্মঘাতী ড্রোন গুলি করে ভূপাতিত করেছিল মার্কিন সামরিক বাহিনী। শুধু তাই নয়, এর জবাবে ইরানের ভূখণ্ডে থাকা সামরিক রাডার স্টেশনগুলো লক্ষ্য করে মার্কিন বাহিনী বিমান ও ক্ষেপণাস্ত্র হামলাও চালায়।
যুক্তরাষ্ট্রের সেই অভিযানের ঠিক কয়েক ঘণ্টার মাথায় কুয়েত ও বাহরাইনের দিকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তার জবাব দেওয়ার চেষ্টা করল তেহরান। সূত্র: আল জাজিরা
মার্কিন যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ইরানের গুলি