ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্রগুলোর অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত তথ্য রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, ইরানের অধিকাংশ ড্রোন কারখানা এবং ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থাপনা ধ্বংস হয়ে গেছে।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের ড্রোন কোথায় তৈরি হয় এবং সংশ্লিষ্ট কারখানাগুলো কোথায় অবস্থিত, সে সম্পর্কে যুক্তরাষ্ট্র অবগত।
তার দাবি, সাম্প্রতিক হামলার ফলে ড্রোন উৎপাদনের বেশিরভাগ সক্ষমতা নষ্ট হয়ে গেছে। একইভাবে ক্ষেপণাস্ত্র উৎপাদনের অনেক স্থাপনাও অকার্যকর করা হয়েছে। তবে ইরানের হাতে ঠিক কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন অবশিষ্ট আছে, সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেননি তিনি।
ট্রাম্পের ভাষায়, ইরানের এখনো কিছু সামরিক সক্ষমতা রয়েছে। তবে হামলার আগে যে শক্তি ছিল, তার তুলনায় তা অনেক কমে এসেছে। তিনি অনুমান করে বলেন, হয়তো আগের সক্ষমতার প্রায় এক-পঞ্চমাংশের মতো এখনো টিকে আছে।
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, তেহরানের নেতৃত্ব পরিস্থিতি মেনে নিতে হিমশিম খাচ্ছে বলেই চূড়ান্ত সমঝোতা বিলম্বিত হচ্ছে।
তার মতে, ইরানের নেতারা এমন বাস্তবতার মুখোমুখি হয়েছেন, যা তারা আগে কল্পনাও করেননি। তবুও তিনি দাবি করেন, দুই দেশের আলোচনা ইতিবাচকভাবেই এগোচ্ছে।
সম্ভাব্য সমঝোতা নিয়ে আশাবাদ প্রকাশ করে ট্রাম্প বলেন, চুক্তি নাও হতে পারে, তবে খুব শিগগিরই কোনো সমাধানে পৌঁছানোর সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সূত্র: আলজাজিরা
মার্কিন আদালতে ট্রাম্পের অভিবাসন নীতি বাতিল