দুই লাখ ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ০৯:১৬ এএম

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন দেশটিতে আশ্রয় (অ্যাসাইলাম) চেয়েছেন বা বর্তমানে আশ্রয়ের আবেদন প্রক্রিয়ায় রয়েছেন—এমন সর্বোচ্চ ২ লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে এটিই হবে মার্কিন ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বড় পরিসরে ভিসা বাতিলের ঘটনা। তবে এ সিদ্ধান্ত আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

স্টেট ডিপার্টমেন্টের নথি এবং সংশ্লিষ্ট দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। পরিকল্পনা অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৬ সালের মধ্যে ইস্যু করা বি-১ ও বি-২ ভিসাধারীদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করেছেন বা বর্তমানে আশ্রয় চাইছেন, তাদের ভিসা বাতিল করা হতে পারে। এ কার্যক্রমে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) সঙ্গে সমন্বয় করবে স্টেট ডিপার্টমেন্ট।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, স্বল্পমেয়াদি ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে পরে স্থায়ীভাবে থাকার জন্য আশ্রয়ের আবেদন করেছেন—এমন বিদেশিদের অস্থায়ী ভিসা শনাক্ত ও বাতিল করতে ডিএইচএসের সঙ্গে কাজ করছে স্টেট ডিপার্টমেন্ট। তবে ঠিক কতটি ভিসা বাতিল করা হবে, তা এখনো চূড়ান্ত নয়। প্রক্রিয়াটি চলমান থাকায় সংখ্যাটি পরিবর্তিত হতে পারে এবং ধাপে ধাপে ভিসা বাতিল করা হবে।

কর্মকর্তারা জানিয়েছেন, ভিসা বাতিল হলেই সংশ্লিষ্ট ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে—এমন নয়। বর্তমানে যাদের আশ্রয়ের আবেদন বিচারাধীন, তাদের অনেকের অবস্থার পুনঃশ্রেণিবিন্যাস করা হতে পারে। তবে ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা-সুবিধা তারা হারাবেন।

বি-১ ভিসা সাধারণত ব্যবসায়িক সফরের জন্য এবং বি-২ ভিসা পর্যটন, পরিবারের সঙ্গে দেখা বা চিকিৎসার মতো স্বল্পমেয়াদি ভ্রমণের জন্য দেওয়া হয়। বর্তমানে এসব ভিসার আবেদনকারীদের যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করবেন না—এমন ঘোষণা দিতে হয় এবং নিজ দেশে ফিরে যাওয়ার ইচ্ছার প্রমাণও দিতে হয়।

ট্রাম্প প্রশাসন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতিতে একাধিক কঠোর পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ভিসা আবেদনকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য যাচাই, ভিসা প্রক্রিয়ার জন্য উচ্চ অঙ্কের বন্ডের শর্ত এবং নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করার মতো পদক্ষেপ রয়েছে।

এদিকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি পর্যটন বা ব্যবসায়িক ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয় ব্যবস্থাকে স্থায়ীভাবে থাকার সুযোগ হিসেবে ব্যবহার করছেন। তাঁর মতে, আশ্রয় পাওয়ার ব্যবস্থা অভিবাসন আইন পাশ কাটানোর কোনো পথ হওয়া উচিত নয়।

এর আগে গত ১৮ মাসে বিভিন্ন অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত ব্যক্তি এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যসংক্রান্ত মার্কিন নীতির প্রকাশ্য সমালোচকদের বিরুদ্ধে প্রায় ১ লাখ ৭৫ হাজার ভিসা বাতিল করেছে স্টেট ডিপার্টমেন্ট। নতুন উদ্যোগটি বাস্তবায়িত হলে এর পরিসর আগের যেকোনো একক ভিসা বাতিল কার্যক্রমকে ছাড়িয়ে যাবে।

তবে পরিকল্পনাটি এখনো চূড়ান্ত হয়নি। নথি অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। একই সঙ্গে এই উদ্যোগের বিরুদ্ধে আইনি চ্যালেঞ্জ হওয়ার আশঙ্কাও রয়েছে।

এমএজেড
আরও পড়ুন