ইরানকে ‘কোণঠাসা’ করতে যুক্তরাষ্ট্রের নতুন হুমকি

আপডেট : ৩১ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

ইরানকে অর্থনৈতিকভাবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করার লক্ষ্য নিয়ে চলতি সপ্তাহে আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। স্থগিত থাকা যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইরানের ওপর আর্থিক চাপ বৃদ্ধি করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

একটি বার্তা সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বেসেন্ট জানান, ওয়াশিংটনের চাহিদানুযায়ী সাড়া না দেওয়া পর্যন্ত তেহরানের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

ইরানের সঙ্গে লেনদেনের কারণে সম্প্রতি মিসরের 'ব্যাংক মিসর'-এর সংযুক্ত আরব আমিরাত শাখা মার্কিন আর্থিক বাজারে নিষিদ্ধ হয়। এই পদক্ষেপের পরই এখন অন্য আরেকটি ব্যাংককে টার্গেট করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানাল ওয়াশিংটন।

মার্কিন অর্থমন্ত্রী সতর্ক করে বলেন, দরকারে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং যে ব্যাংকগুলো ইরানি অর্থ লেনদেন বা সরকারকে সহায়তা করবে, সেগুলোকে যুক্তরাষ্ট্রের ডলার-ভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা হতে পারে। নর্থ ক্যারোলাইনার অ্যাশভিলে জি-২০ অর্থমন্ত্রীদের বৈঠকের প্রাক্কালে তিনি এই মন্তব্য করেন।

এদিকে, সাম্প্রতিক এসব নতুন নিষেধাজ্ঞাকে প্রত্যাখ্যান করেছেন ইরানের অর্থমন্ত্রী আলী মাদানিকাদেহ। তিনি একে মার্কিনদের ব্যর্থ প্রচেষ্টা হিসেবে উল্লেখ করেন। সংঘাত চলাকালে এই অর্থনৈতিক নিষেধাজ্ঞার পাশাপাশি দুই দেশের সামরিক পাল্টাপাল্টি হামলাও অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

ওয়াইএ
আরও পড়ুন