যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় বিধ্বস্ত ইরান, ২০ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৬:০১ পিএম

গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলায় ইরানে ব্যাপক মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, গত ১০ দিনে দেশজুড়ে প্রায় ২০ হাজার বেসামরিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় এখন পর্যন্ত এক হাজার দুই শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জানায়, তাদের প্রাথমিক মূল্যায়নে ১৯ হাজার ৭৩৪টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার প্রমাণ পাওয়া গেছে। এর মধ্যে রয়েছে সাধারণ মানুষের আবাসিক ঘরবাড়ি, ৭৭টি চিকিৎসা কেন্দ্র ও হাসপাতাল এবং ৬৫টি শিক্ষা প্রতিষ্ঠান। এমনকি মানবিক সহায়তায় নিয়োজিত রেড ক্রিসেন্ট সোসাইটির ১৬টি কেন্দ্রও হামলার হাত থেকে রেহাই পায়নি।

বিবৃতিতে আরও বলা হয়, গত সোমবার পর্যন্ত অন্তত ১,২৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। যুদ্ধের প্রথম দিনেই দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৫ জন স্কুলছাত্রী ও কর্মচারী নিহত হওয়ার ঘটনাটি বিশ্বজুড়ে শোকের ছায়া ফেলেছে। এছাড়া ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী, গত ১০ দিনে আহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, গত সপ্তাহে শ্রীলঙ্কার উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ওই ঘটনায় অন্তত ১০৪ জন নৌ-সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, হরমুজ প্রণালিতে তিনটি কার্গো জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের হামলায় সমুদ্রপথে পণ্য পরিবহন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।

এই সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে সংযুক্ত আরব আমিরাতেও। বুধবার সকালে দুবাই বিমানবন্দরের কাছে দুটি ড্রোন হামলায় একজন বাংলাদেশি নাগরিকসহ চারজন আহত হয়েছেন। এছাড়া কাতার, কুয়েত, বাহরাইন ও সৌদি আরবেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইরান সরকার হুঁশিয়ারি দিয়েছে যে, এই অঞ্চলের মার্কিন ও ইসরায়েলি ব্যাংকগুলো এখন তাদের বৈধ লক্ষ্যবস্তু। সূত্র: আলজাজিরা, সিএনএন, রয়টার্স।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত