ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বার্ষিক আন্তর্জাতিক কর্মসূচি আল কুদস দিবস উপলক্ষে শুক্রবার (১৩ মার্চ) ইরানজুড়ে বিশাল জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীসহ দেশটির বিভিন্ন শহরে লাখো মানুষ এতে অংশ নেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাজধানী তেহরান-সহ খোররামাবাদ, ইসফাহান, গোলেস্তান, ইয়াজদ, মাশহাদ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের জাহেদান শহরে বিপুল মানুষ পতাকা ও ব্যানার হাতে রাস্তায় নেমে মিছিল করেছেন।
মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এবং তাঁর নিহত বাবা ও সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর ছবি দেখা যায়। বিক্ষোভকারীরা ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
প্রতি বছর রমজানের শেষ শুক্রবার ইরানে আল কুদস দিবস পালন করা হয়। এই কর্মসূচির মাধ্যমে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন এবং জেরুজালেম ইস্যুতে নিজেদের অবস্থান তুলে ধরে ইরান।
এবারের সমাবেশ এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানে বড় ধরনের হামলার হুমকি দিয়েছে। এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তেহরান ও ইসফাহানসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী বিস্ফোরণের খবর প্রকাশ করেছিল, যা অঞ্চলজুড়ে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। তথ্যসূত্র: সিএনএন
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট স্থায়ীভাবে বন্ধের সিদ্ধান্ত
ওমানে ড্রোন বিদ্ধস্তে দুই বিদেশি নাগরিক নিহত
