মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলি সরকারকে চরম হুঁশিয়ারি দিয়েছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার মেজর জেনারেল আলী আবদোল্লাহি। তিনি দাবি করেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য সামনে আরও বড় ধরণের সামরিক ‘চমক’ অপেক্ষা করছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আবদোল্লাহি এক বক্তব্যে এই হুঙ্কার দেন।
তিনি বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত বাগাড়ম্বরপূর্ণ হুমকি দিয়ে যাচ্ছেন। কিন্তু তাকে এবং তার অনুসারী ইসরায়েলি সরকারকে মনে রাখতে হবে যে, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত।’
ইরানের সামরিক সক্ষমতার উদাহরণ দিতে গিয়ে জেনারেল আবদোল্লাহি দাবি করেন, সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি উন্নত পঞ্চম প্রজন্মের ‘এফ-৩৫’ (F-35) যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তিনি বলেন, ‘এটি কেবল সূচনামাত্র, সামনে আরও বড় ধরণের বড় চমক আসছে যা শত্রুকে স্তব্ধ করে দেবে।’
গত মাসের শেষের দিকে ওয়াশিংটন ও তেল আবিবের আগ্রাসনের জবাবে ইরান ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ শুরু করে। তেহরানের দাবি অনুযায়ী, এই প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে তীব্র পাল্টা হামলা চালানো হয়েছে।
একই সময়ে ইসরায়েলের অভ্যন্তরে তেল আবিব, আল-কুদস (জেরুজালেম) এবং হাইফা বন্দরের মতো কৌশলগত এলাকাগুলোও ইরানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিশেষ করে প্রযুক্তি কেন্দ্র হিসেবে পরিচিত ‘বিয়ার শেভা’ এবং নেগেভ মরুভূমির স্পর্শকাতর স্থাপনাগুলোতে সফল হামলার দাবি করেছে আইআরজিসি।
সামরিক বিশ্লেষকরা মনে করছেন, ইরানের এই অনমনীয় অবস্থান এবং অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি মধ্যপ্রাচ্যের সংঘাতকে এক নতুন ও অনিয়ন্ত্রিত মাত্রায় নিয়ে যেতে পারে। সূত্র: প্রেস টিভি
যুক্তরাজ্যকে কড়া হুঁশিয়ারি দিয়ে যা বললেন আরাগচি
ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র নায়েইনি নিহত
মার্কিনিরা ভাবছে তারা পুরো বিশ্বের মালিক: ব্রাজিলের প্রেসিডেন্ট
