তুরস্কের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র আবারও ভূপাতিত

আপডেট : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৬ পিএম

মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ছে ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুরস্কের আকাশসীমায় অনধিকার প্রবেশ করার পর ন্যাটোর (NATO) উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেটিকে মাঝ আকাশেই ধ্বংস করা হয়েছে।

চলমান এই যুদ্ধ শুরু হওয়ার পর তুরস্কের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র হানার এটি চতুর্থ ঘটনা। এর আগে চলতি মাসের শুরুর দিকে আরও তিনটি ক্ষেপণাস্ত্র একইভাবে ভূপাতিত করেছিল তুরস্ক। একের পর এক এমন ঘটনায় আঙ্কারার নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আগের ঘটনাগুলোর প্রেক্ষিতে তুরস্ক ইতোমধ্যেই তেহরানের কাছে কড়া প্রতিবাদ জানিয়েছে এবং এ বিষয়ে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে।

আঙ্কারা এই ক্ষেপণাস্ত্রগুলোর উৎস হিসেবে ইরানের দিকে ইঙ্গিত করলেও তেহরান ধারাবাহিকভাবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ইরান সরকার দাবি করেছে, আগের কোনো হামলার সঙ্গেই তাদের কোনো সম্পৃক্ততা ছিল না এবং তুরস্কের দিকে লক্ষ্য করে কোনো ক্ষেপণাস্ত্র ছোঁড়ার অনুমোদনও তারা দেয়নি।

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে স্পষ্ট করে জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা বদ্ধপরিকর। ভূখণ্ডের দিকে আসা যেকোনো ধরণের হুমকি মোকাবিলায় তুরস্কের সামরিক বাহিনী দ্বিধাহীনভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

তুরস্কের আকাশে বারবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার ঘটনা প্রমাণ করে যে, এই সংঘাত এখন আর কেবল ইরান বা ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি ধীরে ধীরে একটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা সংকটে রূপ নিচ্ছে, যা ন্যাটোর মতো বৈশ্বিক সামরিক জোটকে সরাসরি এই যুদ্ধের ময়দানে নামাতে বাধ্য করতে পারে। সূত্র: আল-জাজিরা

FJ
আরও পড়ুন