বিশ্ব বাণিজ্যের লাইফলাইন হিসেবে পরিচিত ‘হরমুজ প্রণালি’ পুনরায় সচল করার লক্ষ্যে ওমান ও ইরানের মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ওমানের সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানা গেছে, ওমান ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী পর্যায়ের এই বৈঠকে কারিগরি বিশেষজ্ঞরা অংশ নেন। প্রণালিটি পুনরায় চালু করার সম্ভাব্য বিভিন্ন ‘বিকল্প’ নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়।
গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পথটি বন্ধ করে রেখেছে।
কূটনৈতিক আলোচনার মাঝেই ইরানে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় ইরানের কোহগিলুয়েহ এবং বোয়ার-আহমদ প্রদেশে মার্কিন বিমান হামলায় অন্তত ৯ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। অন্যদিকে, ইসরায়েলি বাহিনী দাবি করেছে যে, তারা গত এক দিনে ইরানের ১২০টিরও বেশি আকাশ প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করেছে। দক্ষিণ-পশ্চিম ইরানের একটি প্রধান পেট্রোকেমিক্যাল কেন্দ্রে হামলায় ৫ জন নিহত এবং ১৭০ জন আহত হয়েছেন। এছাড়া আরদাবিল প্রদেশে হামলায় বিপ্লবী গার্ডের ৫ সদস্য নিহত হয়েছেন।
ইরানের পাল্টা ড্রোন হামলায় কুয়েতের একটি প্রধান বিদ্যুৎ ও পানি শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাহরাইনের ‘বাপকো’ তেল স্থাপনায় বড় ধরণের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও পরে তা নিয়ন্ত্রণে আসে। এছাড়া আবুধাবির ‘বোরুগ’ পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগায় সেখানে উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
ইরানের ছোড়া একটি রকেট দক্ষিণ ইসরায়েলের বীরশেবা এলাকার ‘নিওট হোভাভ’ শিল্পাঞ্চলের একটি কারখানায় সরাসরি আঘাত হেনেছে। এতে ওই এলাকায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। গত এক মাসের যুদ্ধে এই শিল্পাঞ্চলে এটি ইরানের তৃতীয় সফল হামলা। এছাড়া দিমোনা ও আপার গ্যালিলিতেও ব্যাপক রকেট ও ক্ষেপণাস্ত্র হামলার পর সাইরেন বাজানো হয়েছে।
হরমুজ প্রণালি ব্যবহারের ইরানের অনুমতি পেলো যেসব জাহাজ
হরমুজ প্রণালি কার্যত অবরুদ্ধ, ঝুঁকিতে বিশ্ব অর্থনীতি
যুক্তরাষ্ট্র সহজেই হরমুজ প্রণালি খুলতে পারবে: ট্রাম্প
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘের ভোটাভুটির আগে ইরানের কঠোর হুঁশিয়ারি
