তুরস্কের বাণিজ্যিক রাজধানী ইস্তাম্বুলে অবস্থিত ইসরায়েলি কনস্যুলেটের বাইরে ভয়াবহ এক বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) শহরের অভিজাত বেসিকতাস জেলায় এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে অন্তত ৩ জন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইস্তাম্বুল পুলিশ বিভাগের জানিয়েছে, একদল সশস্ত্র হামলাকারী হঠাৎ করেই ইসরায়েলি কনস্যুলেট ভবন লক্ষ্য করে অতর্কিত গুলি চালাতে শুরু করে। সেখানে দায়িত্বরত তুর্কি পুলিশ ও নিরাপত্তা প্রহরীরা কোনো সময় নষ্ট না করে তাৎক্ষণিক পাল্টা জবাব দেয়। দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ তীব্র গোলাগুলি চলে।
পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীর কঠোর প্রতিরোধের মুখে ঘটনাস্থলেই তিন হামলাকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তবে এই অভিযান চলাকালে দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুরো এলাকাটি নিরাপত্তাবেষ্টনী দিয়ে ঘিরে ফেলে বিশেষ বাহিনী।
তাৎক্ষণিকভাবে নিহত হামলাকারীদের পরিচয় পাওয়া যায়নি এবং এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান চরম উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে আঙ্কারা।
ইস্তাম্বুলের গুরুত্বপূর্ণ স্থাপনা এবং অন্যান্য বিদেশি কূটনৈতিক মিশনগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। সূত্র: বিবিসি, আল জাজিরা
ইরানিদের ট্রেন ব্যবহারে সতর্ক করলো ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাব কেন প্রত্যাখ্যান করলো ইরান
৩৯ দিনে ইরানে ১৩ হাজার লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা
