ইসলামাবাদে আলোচনা

ইরানকে সতর্ক করলেন জেডি ভ্যান্স

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ১১:১১ এএম

ইরানের সঙ্গে প্রস্তাবিত শান্তি আলোচনায় তেহরান যেন যুক্তরাষ্ট্রকে নিয়ে কোনো ধরনের ‘চালবাজি’ (Play) করার চেষ্টা না করে, এই মর্মে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই দেশের মধ্যে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। তবে আলোচনার মাত্র কয়েক ঘণ্টা আগে তেহরান জানিয়েছে, ইসরায়েল লেবাননে হামলা বন্ধ না করা পর্যন্ত তারা আলোচনায় অংশ নেবে না।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স আলোচনার উদ্দেশ্যে পাকিস্তানে পৌঁছানোর আগে গণমাধ্যমকে বলেন, আমরা ইতিবাচক আলোচনার প্রত্যাশা করছি। ইরান যদি সরল বিশ্বাসে (Good faith) আলোচনা করতে চায়, তবে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দেব। কিন্তু তারা যদি আমাদের সাথে কোনো খেলা খেলতে চায়, তবে তারা দেখবে যে আমাদের নেগোসিয়েশন টিম মোটেও নমনীয় নয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইরানকে হুমকি দিয়ে বলেছেন, আলোচনার টেবিলে ইরানের কাছে কোনো ‘কার্ড’ নেই। তিনি হুঁশিয়ারি দেন যে, আলোচনা ব্যর্থ হলে মার্কিন বাহিনী পুনরায় বড় ধরনের আক্রমণে ফিরতে প্রস্তুত। ট্রাম্পের ভাষায়, আমরা জাহাজগুলোকে সর্বাধুনিক অস্ত্র ও গোলাবারুদে সজ্জিত করছি। চুক্তি না হলে আমরা সেগুলো অত্যন্ত কার্যকরভাবে ব্যবহার করব।

অন্যদিকে, ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ স্পষ্ট করেছেন যে, আলোচনার আগে দুটি শর্ত পূরণ করতে হবে লেবাননে ইসরায়েলি যুদ্ধবিরতি এবং ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া। ৭ এপ্রিলের যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত ছিল বলে ইরান ও পাকিস্তান দাবি করলেও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তা অস্বীকার করছে। গত কয়েক দিনে ইসরায়েলি হামলায় ৩০০-এর বেশি লেবানিজ নাগরিক নিহত হয়েছেন, যা আলোচনার ভাগ্যকে অনিশ্চিত করে তুলেছে।

ইসলামাবাদের ফাইভ-স্টার সেরেনা হোটেলকে কেন্দ্র করে ২ মাইল এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর প্রতিনিধিরাও তাদের স্বার্থ রক্ষায় সেখানে উপস্থিত হচ্ছেন। এই আলোচনার ওপরই নির্ভর করছে বিশ্ব অর্থনীতি এবং মধ্যপ্রাচ্যের পরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা। সূত্র: দ্য গার্ডিয়ান

SN
আরও পড়ুন