লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতির ইঙ্গিত হিজবুল্লাহ মুখপাত্রের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৫ পিএম

লেবাননে ‘শিগগিরই’ যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন হিজবুল্লাহর মুখপাত্র ও পার্লামেন্ট সদস্য ইবরাহিম মুসাবি। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানসহ আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক তৎপরতার ফলেই এমন একটি সম্ভাবনা তৈরি হয়েছে, যা সংঘাতপ্রবণ এই পরিস্থিতিতে সাময়িক স্বস্তি বয়ে আনতে পারে।

একই প্রতিবেদনে নাম প্রকাশ না করার শর্তে লেবাননের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধবিরতি বাস্তবায়নের লক্ষ্যে পর্দার আড়ালে জোরালো প্রচেষ্টা চলছে। তবে এই প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং যুদ্ধবিরতি কখন থেকে কার্যকর হবে কিংবা কতদিন স্থায়ী হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বলেও তারা উল্লেখ করেছেন।

তারা আরও ইঙ্গিত দিয়েছেন, লেবাননে সম্ভাব্য এই যুদ্ধবিরতির সময়কাল অনেকাংশেই নির্ভর করবে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির স্থায়িত্বের ওপর। অর্থাৎ বৃহত্তর আঞ্চলিক সমীকরণ এবং পরাশক্তিগুলোর মধ্যে সমঝোতার অগ্রগতি সরাসরি প্রভাব ফেলতে পারে লেবাননের পরিস্থিতিতেও।

এদিকে চলমান সংঘাতে মানবিক ক্ষয়ক্ষতির চিত্র ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলের নতুন দফার হামলায় এখন পর্যন্ত অন্তত ২ হাজার ১৬৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৭ হাজার ৬১ জন। সূত্র: আল-জাজিরা

AS/AHA
আরও পড়ুন