মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একই দিনে দ্বিতীয়বারের মতো একটি জাহাজ লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন্স।
সংস্থাটি জানায়, ইরানের পশ্চিমে প্রায় আট নটিক্যাল মাইল দূরে অবস্থানকালে একটি বহির্গামী কার্গো জাহাজকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ঘটনার পর জাহাজটি পানিতে থেমে যায়। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং জাহাজের ক্রুরা নিরাপদ রয়েছেন।
ইউকেএমটিও আরও জানায়, হরমুজ প্রণালি এলাকায় অস্বাভাবিক মাত্রায় তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে এবং যেকোনো সন্দেহজনক কার্যক্রম দ্রুত রিপোর্ট করার জন্য জাহাজগুলোকে সতর্ক করা হয়েছে।
এর আগে, একই দিনে ওমানের উত্তর-পূর্বে প্রায় ১৫ নটিক্যাল মাইল দূরে একটি কনটেইনার জাহাজে হামলার ঘটনাও সামনে আসে। ওই হামলায় ইসলামিক রেভলুশ্যনারি গার্ড কোর-এর একটি গানবোট জাহাজটির ব্রিজে গুলিবর্ষণ করলে তা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বলে ইউকেএমটিও জানায়।
অন্যদিকে, বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, সকালে লক্ষ্যবস্তু হওয়া কার্গো জাহাজটির নাম ইউফোরিয়া, যা পানামা পতাকাবাহী এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি কোম্পানির মালিকানাধীন। জাহাজটি ২২ এপ্রিল ইউটিসি সময় ০১টা ১০ মিনিটে প্রণালি অতিক্রম শুরু করে এবং এর গন্তব্য ছিল সৌদি আরবের জেদ্দা।
প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৬টা ৩৮ মিনিটে ইরানের পশ্চিমে অবস্থানকালে জাহাজটি হামলার মুখে পড়ে এবং পরবর্তীতে জাহাজের মাস্টার সেটিকে থামিয়ে দেন। এতে কোনো ক্ষতি না হলেও ঘটনাটি ঘিরে পুরো উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বেড়েছে। সূত্র: বিবিসি
গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে শীর্ষ কর্মকর্তার ফাঁসি
'হরমুজে অবরোধ প্রত্যাহার করলে আলোচনায় বসবে ইরান'
হরমুজ প্রণালিতে কন্টেইনার জাহাজে আইআরজিসির গোলাবর্ষণ