যুদ্ধবিরতি শেষের আগেই অস্ত্র কিনছে ইসরায়েল

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পিএম

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে প্রায় ২০০ মিলিয়ন ডলারের উন্নত আকাশ-নিক্ষেপযোগ্য অস্ত্র কেনার অর্ডার দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই অর্ডারটি দেওয়া হয়েছে দেশটির প্রতিরক্ষা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস–কে।

প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে তাদের প্রযুক্তিগত সক্ষমতার কথা তুলে ধরে জানায়, আকাশ থেকে নিক্ষেপযোগ্য অস্ত্র ব্যবস্থায় তাদের নেতৃত্ব ইসরায়েলি বিমানবাহিনীর আকাশে আধিপত্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি তারা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারিত্ব নিয়েও সন্তোষ প্রকাশ করে।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে তারা অস্ত্র সরবরাহে নিজেদের স্বনির্ভরতা আরও জোরদার করতে চায় এবং তাৎক্ষণিক যুদ্ধ পরিস্থিতির জন্য প্রস্তুতি বাড়াতে চায়। দেশটির সংবাদমাধ্যম হারেটজ–এর প্রতিবেদনে বলা হয়, এই উদ্যোগ ভবিষ্যতের একটি 'তীব্র নিরাপত্তা দশক' মোকাবিলার প্রস্তুতির অংশ হিসেবেও বিবেচিত হচ্ছে।

এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, এই চুক্তি ইসরায়েলের অস্ত্র সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও স্বাধীন করে তুলবে, যা চলমান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে একই সময়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি জোরালো হয়ে উঠছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং আরও প্রায় ১ লাখ ৭২ হাজারের বেশি আহত হয়েছেন, যা এই অস্ত্র চুক্তিকে ঘিরে বৈশ্বিক বিতর্ককে আরও তীব্র করে তুলেছে। সূত্র: আলজাজিরা

AS/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত