ইসরায়েলের ইতিহাসে দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রথমবারের মতো তার শরীরে মরণব্যাধি ক্যানসার শনাক্ত হওয়ার তথ্য জনসমক্ষে প্রকাশ করেছেন। শুক্রবার (২৪ এপ্রিল) নিজের বার্ষিক স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে তিনি জানান, গত ডিসেম্বর মাস থেকেই তিনি ‘প্রস্টেট ক্যানসারে’ আক্রান্ত এবং এর জন্য নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।
৭৬ বছর বয়সী এই নেতা জানান, ২০২৪ সালের ডিসেম্বরে প্রস্টেট গ্রন্থি বড় হয়ে যাওয়ার কারণে তার একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছিল। সে সময় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অস্ত্রোপচারের তথ্য জানানো হলেও ক্যানসারের বিষয়টি সম্পূর্ণ গোপন রাখা হয়। নেতানিয়াহু আজ জানান, চিকিৎসকরা তার প্রস্টেটে এক সেন্টিমিটারেরও কম আকারের একটি ম্যালোন্যান্ট টিউমার বা ক্যানসার শনাক্ত করেছিলেন।
অসুস্থতার বিষয়টি দীর্ঘ সময় গোপন রাখার পেছনে রাজনৈতিক ও কৌশলগত কারণ উল্লেখ করেছেন নেতানিয়াহু। তিনি বলেন, ‘ইরান ও তার মিত্ররা যাতে এই খবরকে ইসরায়েলের দুর্বলতা হিসেবে প্রচার করতে না পারে এবং একে রাজনৈতিক হাতিয়ার বা অপপ্রচারের সুযোগ হিসেবে না পায়, সেজন্যই আমি বিষয়টি এতদিন জানাইনি।’ মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতিতে শত্রুপক্ষ যাতে কোনো মনস্তাত্ত্বিক সুবিধা নিতে না পারে, সেটাই ছিল তার মূল লক্ষ্য।
নেতানিয়াহু দাবি করেছেন, প্রয়োজনীয় চিকিৎসার পর তিনি এখন সম্পূর্ণ সুস্থ এবং বিপদমুক্ত। চিকিৎসকদের পক্ষ থেকে দুটি আনুষ্ঠানিক পত্রও প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে রোগটি অত্যন্ত প্রাথমিক পর্যায়ে ধরা পড়েছিল এবং শরীরের অন্য কোথাও ছড়িয়ে পড়েনি। বর্তমান পরীক্ষাগুলোতে আর কোনো ক্ষতিকর কোষ বা সংক্রমণের লক্ষণ পাওয়া যায়নি।
নিজের সুস্থতা নিয়ে সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি এখন সুস্থ। আমার প্রস্টেটে সামান্য একটি চিকিৎসাগত সমস্যা ছিল, যা এখন পুরোপুরি সেরে গেছে।’
ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় নিশ্চিত করেছে যে, নেতানিয়াহু বর্তমানে পূর্ণোদ্যমে তার দাপ্তরিক দায়িত্ব পালন করছেন। সূত্র: সিএনএন।
ইরান যুদ্ধ এখনো শেষ হয়নি: নেতানিয়াহু
লেবাননে যুদ্ধবিরতি, বেকায়দায় নেতানিয়াহু
টাইমের প্রভাবশালী ১০০ জনের তালিকায় পঞ্চমবার নেতানিয়াহু