ইরাকে মার্কিন দূতাবাসসংলগ্ন গ্রিন জোনে ড্রোন, গুলি চালালো বিমান প্রতিরক্ষা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৬, ১২:৫০ পিএম

ইরাকের রাজধানী বাগদাদের অত্যন্ত সুরক্ষিত এলাকা ‘গ্রিন জোন’-এর আকাশে একটি অজ্ঞাত ড্রোনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ড্রোনটি লক্ষ্য করে ইরাকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কয়েক দফা গুলি ছুড়েছে। এ সময় আকাশ থেকে ছিটকে আসা গোলার ধাতব খণ্ডের (স্প্লিন্টার) আঘাতে একজন ব্যক্তি আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) আরব নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইরাকি সামরিক সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বাগদাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ‘ক্যাম্প অনার’ থেকে গ্রিন জোনের ওপর একটি সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা যায়। ড্রোনটি শনাক্ত করার পরপরই সেটিকে লক্ষ্য করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয় এবং গুলিবর্ষণ শুরু হয়। তবে ড্রোনটি গুলি করে ভূপাতিত করা সম্ভব হয়নি এবং সেটি দ্রুত এলাকা ছেড়ে চলে যায়।

বাগদাদের এই গ্রিন জোনটি ইরাকের সবচেয়ে নিরাপদ এলাকা হিসেবে পরিচিত। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের কূটনৈতিক মিশন, আন্তর্জাতিক সংস্থার দপ্তর এবং ইরাকি সরকারের প্রধান প্রশাসনিক কার্যালয়গুলো অবস্থিত। এছাড়া দেশটির শীর্ষ রাজনৈতিক নেতারাও এই এলাকায় বসবাস করেন।

গত ৮ এপ্রিল ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর বাগদাদে এ ধরনের নিরাপত্তা ভীতি সৃষ্টির ঘটনা এটিই প্রথম। উল্লেখ্য, যুদ্ধের সময় ইরাকের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো নিয়মিতভাবে এই গ্রিন জোনে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও রকেট হামলা চালাত। বর্তমানের এই ড্রোনটি কারা পরিচালনা করছিল বা এর লক্ষ্যবস্তু কী ছিল, সে বিষয়ে ইরাকি সরকার এখনও বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এএফপির সাংবাদিকরা জানিয়েছেন, ড্রোন লক্ষ্য করে গুলিবর্ষণের সময় গ্রিন জোন এবং এর আশপাশের এলাকায় বিকট শব্দ ও ছোট ছোট বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে।

সূত্র: আরব নিউজ

NB
আরও পড়ুন