ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধের আবহে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের (Mossad) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ঘনিষ্ঠ সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন ইয়াকুব কারিমপুর এবং নাসের বকেরজাদেহ। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ইরানের স্পর্শকাতর স্থাপনা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের তথ্য ইসরায়েলি গোয়েন্দাদের কাছে পাচার করছিলেন।
আদালতের নথির বরাত দিয়ে জানানো হয়েছে, নাসের বকেরজাদেহ ইরানের ‘গুরুত্বপূর্ণ সরকারি, ধর্মীয় এবং প্রাদেশিক কর্মকর্তাদের’ ব্যক্তিগত তথ্য সংগ্রহের পাশাপাশি নাতানজ (Natanz) অঞ্চলের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোর তথ্য সরবরাহ করেছিলেন। উল্লেখ্য, নাতানজ অঞ্চলে ইরানের সবচেয়ে বড় পারমাণবিক কেন্দ্র অবস্থিত। অন্যদিকে, ইয়াকুব কারিমপুরের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি সরাসরি একজন মোসাদ কর্মকর্তার কাছে বিভিন্ন স্পর্শকাতর তথ্য পাচার করেছেন।
চলমান যুদ্ধের মধ্যে এই মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি বৈশ্বিক মহলে বিশেষ গুরুত্ব পাচ্ছে। তেহরানের দাবি, জাতীয় নিরাপত্তা বিঘ্নিতকারী এবং বিদেশি শক্তির মদতপুষ্ট যেকোনো তৎপরতার বিরুদ্ধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে। এই ঘটনার মাধ্যমে ইরান তার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং বিদেশি গোয়েন্দা তৎপরতা নস্যাৎ করার বিষয়ে পুনরায় কঠোর হুঁশিয়ারি দিল। সূত্র: আলজাজিরা
হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে বিশেষ বলয় প্রতিষ্ঠার ঘোষণা ইরানের